চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় এবার এক যুবকের বিরুদ্ধে ৬ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এহসানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে নগরের আগ্রাবাদের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত এহসান ওই দুই শিশুর পাশের বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছে। তিনি একটি কলোনীর কেয়ার টেকার।
শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় তিনি দুই শিশুকে একটি টিনের বেড়ার ভেতরে ডেকে নিয়ে যান এবং শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করলে অন্য মেয়েরা দেখে ফেলে। পরে স্থানীয়রা ওই যুবককে আটক করে মারধর করে। এ খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে জনতার কাছে পুলিশ প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকে এবং অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, বাকলিয়ার মতো আগ্রাবাদেও একই পরিস্থিতি তৈরি হচ্ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযুক্তকে আটক করতে যাওয়া পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা পুলিশ ও র্যাবের সাত থেকে আটটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
নাঈম/