ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. খায়ের দাঈ (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পলাতক রয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর দুইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত খায়ের দাঈ উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী। তার ১০ বছর ও ১৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় খায়ের একটি রামদা দিয়ে ভয় দেখিয়ে আমার মেয়ের মুখ আটকে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয়রা এ ঘটনা দেখে অভিযুক্ত খায়েরকে একটি ঘরে আটকে রাখেন কিন্তু খায়ের কৌশলে ঘর থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
নয়ন/নাঈম