ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সওয়া ৬টার দিকে উপজেলার ব্যস্ততম সড়ক হরিশপুর-পাখিমারা গ্রামের মধ্যবর্তী হরিশপুরের বরইতলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন উপজেলার হরিশপুর গ্রামের খয়বার আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার ভায়না পাখিমারা গ্রামের লাল্টু এবং হরিশপুর গ্রামের শুভর মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানো ও সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে উভয় পক্ষের লোকজন হাতাহাতির বিষয়টি জানতে পেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দেলোয়ারসহ উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে দেলোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে জোড়াদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
বিষয়টি নিশ্চিত করে জোড়াদহ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফরিদ উদ্দিন জানান, চাকু বা ছুরির আঘাতে শ্বাসনালী কেটে যায় দেলোয়ারের। রাতে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল ও হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
মাহফুজুর রহমান/অমিয়