নয় বছরের ম্যাডেলিন তার বাড়ির পেছনের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল গোলাপি কিছু একটার দিকে। নড়াচড়া করছিল সেটা। কাছে যেতেই বুঝতে পারল, সেটা একটা গোলাপি রঙের ঘাসফড়িং। সেটা দেখে তার আনন্দের শেষ নেই। কারণ, এতদিন সে যত ঘাসফড়িং দেখেছে তার সবই ছিল সবুজ রঙের। এই প্রথম সে গোলাপি ঘাসফড়িংয়ের দেখা পেল।
ম্যাডেলিন আমেরিকার আরকানসাস রাজ্যে বাস করে। বড় হয়ে সে একজন পশু চিকিৎসক হতে চায়। সে জানায়, আমি মনে করেছিলাম ঘাসফড়িংটা পালিয়ে যাবে। তবে আমি মুহূর্তের মধ্যে তাকে ধরে ফেলি। ও দেখতে খুব সুন্দর। আমি ওর নাম দিয়েছি মিলি।
মিলিকে একটা প্লাস্টিকের কৌটায় রেখেছে ম্যাডেলিন। সে এটাকে স্কুলেও নিয়ে গিয়েছিল। ম্যাডেলিনের বন্ধুরা গোলাপি ঘাসফড়িং দেখে অবাক হয়েছে। শিক্ষকরা সেটার ছবি তুলেছে। তারা সবাই ম্যাডেলিনকে পোকা বিশেষজ্ঞ নামে ডাকা শুরু করেছে। ম্যাডেলিন বলে, আমার ৯টি মুরগি, ২টি কুকুর, ২টি বিড়াল এবং ১টি খরগোশ আছে। এখন থেকে ঘাসফড়িং মিলিও তাদের সঙ্গে থাকবে।