তোমরা তো অনেক গাছ দেখেছ। আজ তোমাদের এমন একটা গাছের কথা শোনাব, যেটা আয়তন অনুসারে এটি পৃথিবীর সবচেয়ে বড় জীবিত একক-কাণ্ড বিশিষ্ট গাছ। গাছটির বয়স আনুমানিক ২,৩০০ থেকে ২,৭০০ বছর।
গাছটির নাম জেনারেল শেরম্যান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টুলারে কাউন্টির সেকোইয়া জাতীয় উদ্যানের জায়ান্ট ফরেস্টে তার অবস্থান। এটি সেকোইয়া (সেকোইয়াডেনড্রন জায়গান্টিয়াম) জাতের গাছ।
জেনারেল শেরম্যানের উচ্চতা ২৭৫ ফুট। গুঁড়ির গড় বেড় ২৫ ফুট থেকে সর্বোচ্চ ৩৫ ফুট। গুঁড়িতে কাঠ আছে ৫২ হাজার ৫০০ ঘনফুট। গাছটির গুঁড়ির আনুমানিক ওজন ২ হাজার ১০৫ টন। মাটির নিচে কয়েক শ ফুট এলাকাজুড়ে ছড়িয়ে আছে জেনারেল শেরম্যানের মূল। ২০০৬ সালে জেনারেল শেরম্যানের সবচেয়ে বড় ডালটি ভেঙে পড়েছিল। ডালটি ছিল ৯৮ ফুট লম্বা এবং পরিধি ছিল সাত ফুট। বিজ্ঞানীরা বলেছিলেন, পাল্টে যেতে থাকা আবহাওয়াই এর জন্য দায়ী।
এবার বলছি গাছটির নামকরণের ইতিহাস। আমেরিকার গৃহযুদ্ধের সময় একজন সেনাপতি ছিলেন। তার নাম জেনারেল উইলিয়াম টেকুমসেহ শেরম্যানের। তার নামে এই গাছটির নাম রাখা হয় জেনারেল শেরম্যান। সরকারি বিবরণ মতে, ১৮৭৯ সালে প্রকৃতিবিদ জেমস ওলভারটন গাছটির নামকরণ করেছিলেন, যিনি শেরম্যানের অধীনে নবম ইন্ডিয়ানা ক্যাভালরিতে লেফটেন্যান্ট হিসেবে কাজ করেছিলেন।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গাছটি একবার হুমকির মুখে পড়েছিল। সিকোইয়া জাতীয় উদ্যানের কেএনপি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে গাছটি পুড়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। উদ্যান ও দমকল কর্মীরা গাছের গোড়াটিকে একটি প্রতিরক্ষামূলক ফয়েলে মুড়ে ফেলেন, যা সাধারণত কাঠামোগুলোতে ব্যবহৃত হয়। দাবানল জেনারেল শেরম্যান গাছের কাছাকাছি চলে এলেও শেষ পর্যন্ত গাছটিকে এড়িয়ে যায়। বেঁচে যায় জেনারেল শেরম্যান।
জেনারেল শেরম্যানকে দেখতে হলে যেতে হবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ‘সিয়েরা নেভাদা’ পর্বতাঞ্চলে। সেখানে পাহাড়ের কোলে প্রায় ১২ লাখ একর জায়গাজুড়ে আছে সেকোইয়া ন্যাশনাল ফরেস্ট। অরণ্য ছাড়াও এখানে দেখার আছে কিংস ক্যানিয়ন, মোরো রক, ক্রিস্টাল কেভ। জায়গাটি সারাক্ষণ কুয়াশায় ডুবে থাকে। এই সেকোইয়া ন্যাশনাল ফরেস্টে আছে সুপ্রাচীন সেকোইয়া গাছের ৩৮টি ঝাড়। ঝাড়গুলোতে আছে প্রায় ১০০টির বেশি দৈত্যাকৃতি গাছ। কোনো গাছেরই বয়স দেড় হাজার বছরের কম নয়। পর্যটকরা সেকোইয়া ন্যাশনাল ফরেস্টে আসেন এই প্রাচীন সেকোইয়া গাছগুলোরই আকর্ষণে। গাছগুলোর কাছে এসে তারা বিস্মিত হয়ে যান। এরকম গাছ তারা আগে দেখেননি। দেড়-দুই হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা গাছগুলো কত ইতিহাসের সাক্ষী, তা ভেবে বুঝি শিহরিত হন। তবে সেকোইয়া ন্যাশনাল ফরেস্টের সব আকর্ষণের সেরা আকর্ষণ এখনো ‘জেনারেল শেরম্যান’। ফরেস্টে প্রবেশ করেই পর্যটকরা খোঁজ করেন জেনারেলের। ফরেস্টে থাকা সেকোইয়া গাছদের সেনাপতি শেরম্যানকে চাক্ষুষ দেখে সম্মোহিত হয়ে যান পর্যটকরা। মিনিট খানেক চোখের পাতা পড়ে না।