ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কাগজ নিয়ে খেলতে অনেক ভালোবাসো? তোমরা কি জানো কাগজে কেবল আঁকাআঁকি নয়, কাগজ ভাঁজ করেও তৈরি করা যায় নানা আকৃতির জিনিস। আর এটাকে জাপানিরা নাম দিয়েছে ওরিগামি। জাপানি শব্দ Ori মানে হলো ভাঁজ আর Kami মানে হলো কাগজ। সময়ের সঙ্গে Kami শব্দটি পরিবর্তিত হয়ে Gami হয়ে যায়। সাধারণত কাগজকে কোনো ধরনের কাটা, ছেঁড়া, পিন বা আঠা লাগানো ছাড়া শুধু ভাঁজ করে বিভিন্ন আকৃতি দেওয়ার এই কাজটিকে বলা হয় Origami।
ধারণা করা হয় জাপানে ওরিগামির চর্চা শুরু হয় ১৬০৩ সালে। তারপর এই চর্চা কেবল জাপানে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এক খণ্ড কাগজ আদৌ না কেটে এবং কোনোরকম আঠা ব্যবহার না করে শুধু ভাঁজ করে জীবজন্তু, পাখি ইত্যাদির রূপ দেওয়া হয় অরিগামিতে। অল্প কয়েকটি সরল ভাঁজের মাধ্যমে ওরিগামিতে তোমাদের পছন্দের অনেক কিছু তৈরি করা যায়। এই পদ্ধতিতে তুমি বানিয়ে নিতে পারো নৌকা, উড়োজাহাজ, পাখি, ফুল, প্রজাপতি, মাছ, হাতি, ঘোড়া, হার্ট, ব্যাঙ, খাম, তারা, চেয়ার, চায়ের কাপ, হাতপাখা, পাতা ইত্যাদি।