তখন শীতকাল। কয়েক দিন ধরে বেশ ঠাণ্ডা পড়েছে। একটা সাপ ঠাণ্ডায় অসুস্থ হয়ে গেল। একেবারে হিম হয়ে পড়েছিল পথের ধারে। এক কৃষক সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ হিম হয়ে পড়ে থাকা সাপটা তার নজরে পড়ল। মৃতপ্রায় সাপটাকে দেখে কৃষকের বড় মায়া হলো। তখন সে সাপটাকে পথ থেকে নিজের বুকে তুলে নিয়ে জামা-কাপড় দিয়ে ভালো করে ঢেকে পথ চলতে লাগল।
এদিকে কৃষকের গায়ের তাপে নিজের অসাড় ভাব কেটে সাপের গায়ের স্বাভাবিক প্রবৃত্তি ফিরে আসতেই সে কৃষকের বুকে বসাল এক ছোবল। দুঃখে ও যন্ত্রণায় কৃষকের চোখে পানি চলে এল। মরার আগে কৃষক নিজের মনেই দুঃখ করে বলল– মূর্খের মতো দুর্বৃত্তকে যেমন আমি দয়া করতে গিয়েছিলাম, তারই ফলে আমাকে আজ প্রাণ হারাতে হলো।
গল্পটির উপদেশ: দুর্বৃত্তকে প্রশ্রয় দিলে বিপদ আসবেই।