গল্প : অপরিচিতা
(গত ১৩ অক্টোবর প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। কেন?
উত্তর: সংসারের কোনো ধরনের দায়িত্ব কাঁধে না নিয়ে আপাত নির্বিঘ্ন ও নির্ঝঞ্ঝাট জীবনযাপনকে ব্যঙ্গ করে অনুপম এ কথা বলেছে।
দায়িত্ববান সামাজিক মানুষ হিসেবে সমাজে বসবাস করতে গেলে মানুষকে সৎকাজে সহযোগিতা এবং অসৎ কাজে বিরোধিতা করতে হবে। অপরিচিতা গল্পে কথক যেহেতু শিশুকাল থেকে কোলে কোলেই মানুষ এবং যৌবনেও তেমনটি রয়েছেন তাই তাকে সংসারের দায়িত্ব পালনে সচেষ্ট হতে হয়নি। আর বিরোধ বিপত্তিমূলক কোনো কাজে না থেকে তথাকথিত ভালো মানুষ হওয়াটাকে কথক ওপরের বাক্যে ব্যঙ্গ করেছেন।
প্রশ্ন: অপরিচিতা গল্পের মামা অনুপমদের সংসারে গর্বের সামগ্রী কেন?
উত্তর: অনুপমদের মামা তাদের সংসারের গর্বের সামগ্রী কারণ তিনি আশ্চর্য রকম পাকা লোক।
অনুপমের যেখানে কোনো সম্পর্ক আছে সেখানে সর্বত্রই মামা বুদ্ধির লড়াইয়ে জিতবেন এ যেন একেবারে ধরা কথা। অন্যপক্ষ বাঁচুক বা মরুক মামা অনুপমদের পক্ষকে জিতাবেনই। বস্তুত সংসারের স্বার্থরক্ষায় এবং অন্যপক্ষকে যেকোনো প্রকারে হারিয়ে সর্বদা জয়ের মাল্য অর্জন করার কৌশল ও দক্ষতার জন্য ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মামা সব সংসারের প্রধান গর্বের সামগ্রী হিসেবে বিবেচিত।
আরো পড়ুন : অপরিচিতা গল্পের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র
প্রশ্ন: বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে, বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে, বলতে বরের অসহায়ত্বকে বোঝানো হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন বিয়েতে প্রায়শই এমন ঘটনা দেখা যায় যে, পণের কারণে বরের বাবা বিয়েতে অসম্মতি জানায়। কিন্তু অপরিচিতা গল্পের অনুপমের ক্ষেত্রে এর বিপরীত ঘটনা ঘটেছে। বরপক্ষের পণগ্রহণের প্রবণতা, লোভ এবং হীন মানসিকতার পরিচয় পেয়ে কনের বাবা সম্ভুনাথ যেন বর অনুপমকেই বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছেন। আলোচ্য বাক্যে অনুপমের অসহায় অবস্থাকেই বোঝানো হয়েছে।
প্রশ্ন: অনুপমের নিজেকে ‘গজাননের ছোট ভাইটি’ বলার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ‘অপরিচিতা’ গল্পের কথক অনুপম আত্মসমালোচনায় নিজেকে ‘গজাননের ছোট ভাইটি’ বলেছে তার অকর্মণ্যতা ও পরনির্ভরশীল মানসিকতার জন্য।
পৌরাণিক দৃষ্টিতে গজাননের ছোট ভাইটি কার্তিকের মা দুর্গার অতি আদরের অতিমাতৃভক্ত সন্তান। তার মাতৃনির্ভরতা এক ধরনের পরনির্ভরশীলতারই নামান্তর। অনুপম শেষ পর্যন্ত নিজেকে এমন অকর্মণ্য হিসেবেই আবিষ্কার করে। ছেলেবেলা থেকে অতি আদরে কোলে কোলে মানুষ হওয়ায় মা আর মামার কথার বাইরে তার জীবন ছিল না। এমএ পাস যুবক হয়েও সত্য এবং ন্যায়ের পক্ষে মা ও মামার মতের বাইরে তার কিছু না বলতে পারার আক্ষেপেই সে নিজেকে ‘গজাননের ছোট ভাইটি’ বলেছে।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর