চতুর্থ অধ্যায় : বায়ু
(গত ৯ নভেম্বর প্রকাশের পর)
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কী কী কারণে বায়ু দূষিত হয়? মানুষ কীভাবে বায়ুদূষণ করছে?
উত্তর: যে সব কারণে বায়ু দূষিত হয় তা নিম্নরূপ-
১. বায়ুতে রাসায়নিক পদার্থ মিশে।
২. বায়ুতে পচে যাওয়া আবর্জনার দুর্গন্ধ মিশে।
৩. বায়ুতে কল-কারখানায় উৎপাদিত ধোঁয়া মিশে।
৪. বায়ুতে গ্যাস ও ধূলিকণা মিশে।
মানুষ বিভিন্নভাবে বায়ুদূষণ করছে। সেগুলো হলো-
১. জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে গ্যাস সৃষ্টির মাধ্যমে।
২. যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রেখে এবং মলমূত্র ত্যাগের মাধ্যমে বায়ুতে দুর্গন্ধ ছড়িয়ে।
৩. কল-কারখানা ও যানবাহন থেকে ধোঁয়া সৃষ্টির মাধ্যমে।
৪. গাছপালা ও আবর্জনা পুড়িয়ে ধোঁয়া সৃষ্টির মাধ্যমে।
প্রশ্ন: ধূমপান ক্ষতিকর কেন?
উত্তর: ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ধূমপানের ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। যেমন- ফুসফুসের ক্যানসার, যক্ষ্মা, ব্রঙ্কাইটিস, দন্তক্ষয়, ক্ষুধামান্দ্য, গ্যাস্ট্রিক, আলসার, হৃদরোগ ইত্যাদি। এ ছাড়া সিগারেট, চুরুট, বিড়ি, হুক্কা ইত্যাদির মধ্যে তামাক থাকে, যা নিকোটিন নামক এক প্রকার বিষে ভরা। এগুলো থেকে নিকোটিন মানুষের শরীরে প্রবেশ করে ধীরে ধীরে মানুষের শরীরে ভেতরের ফুসফুসের ক্ষতি করে। বিজ্ঞানীদের মতে, একটি জ্বলন্ত সিগারেট থেকে কমপক্ষে ৪ হাজার রাসায়নিক পদার্থ নির্গত হয়, যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে কেউ বদ্ধঘরে ধূমপান করলে সেই ঘরে থাকা মানুষের আরও বেশি ক্ষতি হয়। তাই ধূমপান মানুষের জন্য খুবই ক্ষতিকর।
প্রশ্ন: দূষিত বায়ু কী? দূষিত বায়ুর চারটি ক্ষতিকর দিক লেখ।
উত্তর: বায়ুতে রোগজীবাণু, ধূলিকণা, দূষিত গ্যাস ইত্যাদি মিশ্রিত হয়ে বায়ুকে দূষিত করে। বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে তা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে দূষিত বায়ু বলে। বায়ু প্রধানত দূষিত হয় মানুষের কর্মকাণ্ডের ফলে। দূষিত বায়ু মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে। নিচে দূষিত বায়ুর ক্ষতিকর দিক বর্ণনা করা হলো-
১. দূষিত বায়ু মানুষের শ্বাসকার্যে ব্যাঘাত ঘটায়।
২. দূষিত বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেশি থাকে। ফলে মানুষের অত্যধিক গরম লাগে।
৩. দূষিত বায়ুর কারণে অ্যালার্জি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, ফুসফুসের ক্যানসারসহ মারাত্মক ক্ষতিকারক রোগ হতে পারে।
৪. দূষিত বায়ুর ফলে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিডযুক্ত বৃষ্টি সব জীবের জন্য ক্ষতিকর।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর