দ্বিতীয় অধ্যায় : সমাজকর্মের শাখা
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: চিকিৎসা সমাজকর্মীর কাজ ব্যাখ্যা করো।
উত্তর: চিকিৎসা সমাজকর্মীর কাজ হলো রোগীকে হাসপাতালে সামঞ্জস্য বিধানে সাহায্য করা। কম অভিজ্ঞতার কারণে নতুন পরিবেশ, নতুন মুখ, একাকিত্ব, ভয়ভীতি, উদ্বেগ, উৎকণ্ঠা, সন্দেহ-সংকোচ ইত্যাদি সার্বিক অবস্থা বিশ্লেষণ করে রোগীকে হাসপাতালে খাপ খাওয়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখাই চিকিৎসা সমাজকর্মীর কাজ।
প্রশ্ন: গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয় কেন?
উত্তর: গণমাধ্যম হলো জনগণের মতামতের বাহন। গণমাধ্যম ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের কাছে জনগণের মতকে পৌঁছে দিয়ে তাদের চিন্তাচেতনা, পছন্দ-অপছন্দ, সামাজিক বিভিন্ন বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। তাই গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়।
প্রশ্ন: বিদ্যালয় সমাজকর্ম কেন প্রয়োজন?
উত্তর: শিক্ষাব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করা এবং শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় সমাজকর্মের উৎপত্তি হয়। অনেক ছেলেমেয়ে নিজেকে বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। ফলে লেখাপড়ায় অমনোযোগী হয়ে ওঠে। এমনকি স্কুল পালিয়ে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। পাঠে অমনোযোগিতা, নকলপ্রবণতা, স্কুল পালানো প্রভৃতি সমস্যাগ্রস্ত ছেলেমেয়েদের অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের স্কুল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য বিদ্যালয় সমাজকর্ম প্রয়োজন।
প্রশ্ন: বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা লেখ।
উত্তর: বিদ্যালয় সমাজকর্মী বিদ্যালয়ের পরিবেশে ছাত্রছাত্রীরা যাতে খাপ খাইয়ে চলতে পারে, সে জন্য ভূমিকা পালন করেন। গৃহ, স্কুল পরিবারের প্রেক্ষিতে ব্যক্তিগত, দলীয় এবং পারিবারিকভাবে উপযুক্ত পরামর্শ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলের পরিবেশে সহনশীল করে তুলতে সাহায্য করেন।
প্রশ্ন: শিল্প সমাজকর্ম বলতে কী বোঝায়?
উত্তর: শিল্প খাতে সমাজকর্মের জ্ঞান, তত্ত্ব, কৌশল ও পদ্ধতির প্রয়োগকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিল্প সমাজকর্ম। শিল্প সমাজকর্ম হলো সমাজকর্মের সেই শাখা যে শাখায় সমাজকর্মীরা তাদের পেশাগত দক্ষতা ব্যবহার করে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন ঘটিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করে এবং শ্রমিকদের জীবন মানোন্নয়নে সহায়তা করে।
আরো পড়ুন : সমাজকর্মের শাখা অধ্যায়ের ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসি সমাজকর্ম ২য় পত্র
প্রশ্ন: সাইকিয়াট্রিক সমাজকর্ম কাকে বলে?
উত্তর: সাইকিয়াট্রিক সমাজকর্ম এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে মানসিকভাবে বিধ্বস্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সাইকিয়াট্রিক সমাজকর্মে বিভিন্ন মানসিক রোগীদের তত্ত্বাবধান, তাদের রোগের কারণ, পর্যাপ্ত সেবা, ওষুধ দেওয়া, কাউন্সেলিং ইত্যাদির মাধ্যমে মানসিক সেবা দেওয়া হয়।
প্রশ্ন: ক্লিনিক্যাল সমাজকর্ম বলতে কী বোঝায়?
উত্তর: সমাজকর্মের সবচেয়ে অনুশীলনধর্মী প্রায়োগিক শাখা হলো ক্লিনিক্যাল সমাজকর্ম। শারীরিক ও মানসিক আঘাত, প্রবল মানসিক চাপ ও বিষণ্নতার ফলে সৃষ্ট ব্যক্তি, পরিবার ও দলের মনোদৈহিক সামাজিক সমস্যা সমাধানের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার সমাজকর্মীর মাধ্যমে প্রদত্ত স্বাস্থ্যসেবা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম। এ ধরনের সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সব ধরনের মানবীয় কষ্ট ও ভোগান্তি দূর করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। শারীরিক ও মানসিক স্বাস্থ্যসহ নানাবিধ সমস্যা যেমন- প্রিয়জনের মৃত্যু, ব্যক্তিগত অসামর্থ্য, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহ, বিবাহবিচ্ছেদ, চাকরি হারানো ইত্যাদির ফলে জীবনযাত্রার বিধানে ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে থাকে।
প্রশ্ন: চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্য বর্ণনা করো।
উত্তর: চিকিৎসা সমাজকর্মের প্রধান লক্ষ্য হচ্ছে- চিকিৎসাধীন রোগীর সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনের সঙ্গে হাসপাতাল, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের কাজের সমন্বয় সাধন করে চিকিৎসায় সহায়তা করা।
প্রশ্ন: বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝায়?
উত্তর: বিদ্যালয়ে অনুসৃত পেশাদার সমাজকর্মের একটি প্রায়োগিক শাখা হলো বিদ্যালয় সমাজকর্ম। যেসব ছাত্রছাত্রী স্কুলে অমনোযোগী, স্কুল থেকে ঝরে পড়ে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে, তাদের স্কুলের পরিবেশ ও পড়াশোনার উপযোগী করে তোলার জন্য সমাজকর্মে যে অনুশীলন করা হয় তাই বিদ্যালয় সমাজকর্ম।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা
কবীর