তথ্যপ্রযুক্তির যুগে মানবীয় যোগাযোগের ধরন ও গতি বদলে গেছে আমূল। সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন মিডিয়া- সব মিলিয়ে এখন একে অপরের পরিপূরক। সামাজিক যোগাযোগমাধ্যমের এই দ্রুত রূপান্তর মিডিয়া ও কমিউনিকেশন পেশাকে দিয়েছে এক নতুন মাত্রা, খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সাংবাদিকতা, জনসংযোগ, ডিজিটাল কনটেন্ট নির্মাণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট- সব ক্ষেত্রেই তৈরি হয়েছে দক্ষ মানবসম্পদের চাহিদা।
আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতার সমন্বয়ে গড়ে উঠছে ভবিষ্যতের মিডিয়া প্রজন্ম। মিডিয়া ও কমিউনিকেশনে উজ্জ্বল ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল। বিষয়টির পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে বিস্তারিত শুনেছেন ইকবাল মাহমুদ।
ক্যারিয়ারটা যেমন
ক্যারিয়ার হলো এমন একটি কাজ বা পেশা, যা একজন ব্যক্তি তার জীবনে দীর্ঘ সময়ের জন্য করে থাকেন এবং এটি হলো সেই ধারাবাহিক চাকরি ও পদগুলোর একটি পরম্পরা। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ এবং কাজের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত। একটি ক্যারিয়ার দীর্ঘমেয়াদি সাধনা, যা ব্যক্তিগত তৃপ্তি, আর্থিক স্থিতিশীলতা এবং একটি উদ্দেশ্যের অনুভূতি দিতে পারে। জীবনের লক্ষ্য এবং আকাঙ্ক্ষাগুলোর জন্য সঠিক দিকনির্দেশনা ও ফোকাস দেওয়ার জন্য ক্যারিয়ারের গুরুত্ব অপরিহার্য। এটি আমাদের জীবনের একটি বিশাল অংশ জুড়ে থাকে, আমাদের পরিচয়ের অংশ হয়, দিক ও উদ্দেশ্য দেয়, ব্যক্তিগত উন্নয়নে সহায়তা করে এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে।
পেশা হিসেবে মিডিয়া ও কমিউনিকেশন
মিডিয়া ও কমিউনিকেশন চাকরি বিভিন্ন ধরনের মিডিয়া পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ তৈরি করে, যা সাধারণত প্রিন্ট, ব্রডকাস্ট এবং ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কিত। মিডিয়া পেশাজীবীরা সাংবাদিকতা, প্রযোজনা, কনটেন্ট ক্রিয়েশন এবং প্রচারমাধ্যম পরিচালনার মতো বিভিন্ন কাজ করে থাকেন। এই খাতের গুরুত্ব বর্তমানে অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, কারণ এটি সমাজের তথ্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মিডিয়া ও কমিউনিকেশন সেক্টরে চাকরি সমাজে তথ্য প্রচারের মাধ্যমে জনগণের মতামত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিক্ষা, বিনোদন এবং মত প্রকাশের স্বাধীনতার মাধ্যম হিসেবে কাজ করে এবং দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সমাজের ঘটনার সত্যতা যাচাই করে সঠিক তথ্য প্রদান করা এই পেশার একটি অপরিহার্য দিক।
ক্ষেত্রভিত্তিক পেশার ধরন ও সম্ভাবনা
মিডিয়া ও কমিউনিকেশন সেক্টরে সরকারি ও বেসরকারি উভয় খাতেই চাকরির বিস্তর সুযোগ রয়েছে।
সরকারি খাত:
বিসিএস (তথ্য) ক্যাডার: প্রফেশনাল ক্যাডার হিসেবে এই পদে গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থীদের প্রাধান্য থাকে।
বিসিএস নন-ক্যাডার: বিটিভি বা বেতারে প্রযোজক (বার্তা/অনুষ্ঠান) হিসেবে কাজের সুযোগ থাকে।
স্বায়ত্তশাসিত সংস্থা: পিআইবি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ইত্যাদিতে সহকারী পরিচালক বা অন্যান্য পদে কাজের সুযোগ রয়েছে।
পাবলিক রিলেশন্স অফিসার (পিআরও): সব মন্ত্রণালয় ও করপোরেশন ইত্যাদিতে জনসংযোগ কর্মকর্তা পদে ব্যাপক চাহিদা রয়েছে।
বেসরকারি/প্রাইভেট খাত:
পাবলিক রিলেশন্স অফিসার/কমিউনিকেশন্স অফিসার: বেসরকারি সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান ও এনজিওতে অভ্যন্তরীণ ও বহিরাগত যোগাযোগের দায়িত্ব পালন করা।
নিউজ প্রেজেন্টার/হোস্ট/সঞ্চালক: টিভি চ্যানেলগুলোতে শুদ্ধ উচ্চারণ ও সমসাময়িক জ্ঞানে দক্ষ হয়ে সংবাদ পাঠ বা অনুষ্ঠান সঞ্চালনা করা।
প্রতিবেদক/রিপোর্টার/সহ-সম্পাদক: প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ সংগ্রহ, লিখন ও সম্পাদনার গুরুত্বপূর্ণ কাজ করা।
প্রযোজক (টিভি মাধ্যম): টেলিভিশন চ্যানেলে সংবাদ বা অনুষ্ঠানের পুরো বিষয়টি দেখভাল করা।
ক্যামেরা পারসন/সিনেমাটোগ্রাফার ও ভিডিও এডিটর: ক্যামেরায় দক্ষ হয়ে নিউজ বা অনুষ্ঠানের জন্য ফুটেজ নেওয়া এবং ভিডিও সম্পাদনা করা।
দেশি-বিদেশি বার্তা সংস্থায় সাংবাদিক: বাসস, এএফপি, রয়টার্স, বিবিসির মতো সংবাদ সংস্থায় কাজ করা।
মনিটরিং/ইভ্যালুয়েশন অফিসার (এনজিও): বিভিন্ন এনজিওতে গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করা।
কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট: ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সৃজনশীল কনটেন্ট তৈরি ও সোশ্যাল মিডিয়া পরিচালনা করা।
ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং: অনলাইন মার্কেটিং কৌশল তৈরি ও পরিচালনার মাধ্যমে বৈশ্বিক মার্কেট প্লেসে কাজ করা।
ফ্যাক্ট চেকার: ডিজিটাল কনটেন্টের যুগে ভুল তথ্য বা গুজবের সত্যতা যাচাই করার কাজটি করা।
মিডিয়া প্ল্যানার: বিভিন্ন মিডিয়া চ্যানেলে বিজ্ঞাপনের পরিকল্পনা ও পরিচালনা করা।
চাকরিতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা
এই সেক্টরে সফল হতে হলে মাল্টিমিডিয়া জ্ঞান ও দক্ষতা থাকা অত্যাবশ্যক। রিপোর্টিং স্কিল, নিউজ গ্যাদারিং ও লিখন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা জরুরি। এছাড়া শুদ্ধ উচ্চারণ, সুন্দর করে কথা বলার দক্ষতা এবং ডিজিটাল দক্ষতা যেমন এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকা ক্যারিয়ারের জন্য অপরিহার্য। গবেষণা ও বিশ্লেষণের দক্ষতাও কিছু পদে গুরুত্বপূর্ণ।
চাকরির চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ
এই শিল্প দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের ওপর নির্ভরশীল, তাই পেশাজীবীদের সব সময় নতুন দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত থাকতে হয়। সাংবাদিকতা ও প্রযোজনা খাতে কাজের সময়সীমা প্রায়শই অনমনীয় এবং কাজের চাপ বেশি থাকে। ফ্যাক্ট চেকার হিসেবে কাজ করার মাধ্যমে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন, ডিপফেকের মতো গুজবের চ্যালেঞ্জ মোকাবিলা করা একটি বড় দায়িত্ব।
ডিজিটাল কনভারজেন্স ও অনলাইন প্ল্যাটফর্মের ব্যাপক প্রসারের ফলে মিডিয়া ও কমিউনিকেশন সেক্টরের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং ফ্যাক্ট চেকারের মতো নতুন পেশাগুলো ভবিষ্যতের মূল চালিকাশক্তি। প্রযুক্তিতে দক্ষ এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে প্রস্তুত প্রার্থীরা এই সেক্টরে সফল ও লাভজনক ক্যারিয়ার গড়ার অবারিত সুযোগ পাচ্ছেন।
তারেক/