‘জনসেবাই সর্বোত্তম সেবা’ এ কথাটির বাস্তব রূপ খুঁজে পাওয়া যায় লোকপ্রশাসন বিষয়ে পড়াশোনার মধ্যেই। দেশের নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ জনবল তৈরি করাই এই বিষয়ের মূল লক্ষ্য। যারা সমাজে নেতৃত্ব দিতে চায়, রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়ায় যুক্ত হতে চায় তাদের জন্য জনপ্রশাসন হতে পারে ক্যারিয়ারের এক সম্ভাবনাময় ক্ষেত্র। আর এজন্য প্রয়োজন লোকপ্রশাসন বিষয়ে পড়াশোনা।
বাংলাদেশে উন্নয়ন ও সুশাসনের অগ্রযাত্রায় দক্ষ প্রশাসনের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। তাই এখন অনেক শিক্ষার্থীই এ বিষয়টিকে বেছে নিচ্ছেন নিজেদের ভবিষ্যতের জন্য।
যেখানে পড়া যায়
লোকপ্রশাসন বিষয়ে বর্তমানে অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে। সবচেয়ে পুরোনো ও খ্যাতনামা বিভাগ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ, যা দেশের প্রশাসনিক শিক্ষা ও গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েকটি সরকারি কলেজেও জনপ্রশাসনে অনার্স কোর্স রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং ব্র্যাক ইউনিভার্সিটিতেও জনপ্রশাসন বা গভর্ন্যান্স স্টাডিজে পড়াশোনার সুযোগ রয়েছে।
যা যা পড়ানো হয়
জনপ্রশাসন শুধু তত্ত্বভিত্তিক কোনো বিষয় নয়, এটি বাস্তব জীবনের প্রশাসনিক চর্চার সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানে একাডেমিকভাবে মূলত প্রশাসনিক তত্ত্ব ও সংগঠন ব্যবস্থা, জননীতি (Public Policy) ও উন্নয়ন প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরণ, সরকারি অর্থনীতি ও বাজেট, প্রশাসনিক আইন ও নৈতিকতা, গবেষণা পদ্ধতি, তথ্য প্রযুক্তি ও ই-গভর্ন্যান্স ইত্যাদি বিষয় পড়ানো হয়। পাশাপাশি মাঠপর্যায়ের সার্ভে, রিপোর্ট লেখা, প্রেজেন্টেশন ও সেমিনারের মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগও থাকে। ফলে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকেন না, বরং বাস্তব প্রশাসনিক সমস্যার সমাধান করতেও দক্ষ হন।
চাকরির ক্ষেত্র ও সুযোগ
লোকপ্রশাসনের চাকরির বাজারে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারী কর্ম কমিশনে রয়েছে এই বিভাগের শিক্ষার্থীদের চাকরির সুযোগ। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিও, উন্নয়ন সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থা যেমন- UNDP, UNICEF, WHO ও World Bank-এও জনপ্রশাসন পড়ুয়াদের চাহিদা বাড়ছে।
অনেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে Public Policy, Governance বা Development Studies নিয়ে বিশেষায়িত পড়াশোনা করেন এবং দেশে ফিরে প্রশাসন ও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
লোক প্রশাসন এমন একটি বিষয়, যা নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিকতার সমন্বয় ঘটায়। একজন লোকপ্রশাসন শিক্ষার্থী শুধু প্রশাসনিক দক্ষতা অর্জন করেন না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শেখেন। তাই যারা জনসেবা ও নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে চান তাদের জন্য লোকপ্রশাসন হতে পারে এক সম্মানজনক ও উজ্জ্বল ক্যারিয়ারপথ।
তারেক/