অভিনয়ের দুনিয়ায় প্রিয়াঙ্কা জামানের অভিষেক হয়েছিল জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে। পরপর দুটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। একটি ‘প্রেস্টিজ’, অন্যটি ‘হৃদয় ঘটিত’। সজলের বিপরীতে হওয়ায় দর্শক শুরুতেই প্রিয়াঙ্কার প্রতি মনোযোগ দিয়েছিলেন। যে কারণে দুটি নাটক প্রচারের পর পরই প্রিয়াঙ্কা আলোচনায় চলে আসেন।
আর এর পর থেকে আজ অবধি তিনি একের পর এক ভালো ভালো গল্পের নাটকে কাজ করে যাচ্ছেন। বর্তমানে প্রিয়াঙ্কা বেশ কিছু ধারাবাহিকে কাজ করছেন। ধারাবাহিকগুলো হচ্ছে কায়সার আহমেদ পরিচালিত ‘স্বপ্নের রানী’, সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘মুসা’। শিগগিরই এনটিভিতে প্রচারে আসছে নতুন ধারাবাহিক নাটক এস আই সোহেল পরিচালিত ‘শ্বশুরবাড়ি বরিশাল’। এরই মধ্যে প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় নাটক ছিল এস আই সোহেলের ‘ব্যাড বয় মজিদ’। এদিকে প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। তবে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমার কাজ আপাতত বন্ধ আছে। প্রিয়াঙ্কার বিশ্বাস, এই তিনটি সিনেমার কাজ হয়তো শিগগিরই শুরু হবে। সিনেমা তিনটি হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’।
দেশের বর্তমান পরিস্থিতি আরও একুট স্বাভাবিক হলেই হয়তো প্রিয়াঙ্কা অভিনীত এই তিনটি সিনেমার কাজ শুরু হয়ে দ্রুত পূর্ণাঙ্গভাবে শেষ হবে। প্রিয়াঙ্কা বলেন, ‘সময়ের ধারাবাহিকতায় সময়ের প্রযোজনে কখনো নাটকে, কখনো সিনেমায় অভিনয় করেছি। তবে এটা সত্যি যে আমি একজন অভিনেত্রী হতে চেয়েছি। এখনো প্রতিনিয়ত অভিনয় শিখছি।’
আড়ং’য়ের বিলবোর্ডে প্রথম দেখা মেলে প্রিয়াঙ্কার। এরপর আরও বহু বিলবোর্ড ও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
জাহ্নবী