পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটি অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
হলিউডের বক্স অফিস ট্র্যাকিং রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী আয়ের দিক থেকে মাইকেল সিনেমাটি ইতোমধ্যে ৯১৫ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। দ্রুত এগিয়ে যাচ্ছে বিলিয়ন ডলার ক্লাবের দিকে। পেছনে ফেলে দিয়েছে ‘বোহেমিয়ান র্যাপসোডি’কে। ব্রিটিশ রক ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মার্কারির এই বায়োপিক মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। আয় করেছিল ৯০৪ মিলিয়ন ডলার। এতদিন বোহেমিয়ান র্যাপসোডি ছিল সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক। কিন্তু পপসম্রাটের ম্যাজিক সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
সিনেমাটি এই অভাবনীয় সাফল্যের পেছনে সবার আগে যার নাম আসছে তিনি হচ্ছেন–পপসম্রাটের ভাতিজা জাফর জ্যাকসন। পর্দায় জাফর দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছেন।
অস্কার ও গ্র্যামি বিজয়ী প্রযোজক গ্রাহাম কিং (যিনি বোহেমিয়ান র্যাপসোডিও প্রযোজনা করেছিলেন) এবং হলিউডের তুখোড় পরিচালক অ্যান্টোইন ফুকুয়া—এই দুজন মিলে পপসম্রাটের জীবনের জটিল মানসিক টানাপোড়েন ও সংঘাতগুলোকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। গান ও নাচের রোমাঞ্চ ছাপিয়ে সিনেমার ভেতরের এই মানবিক গল্পই মাইকেলকে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে।
এই সাফল্যের পর এর সিকুয়েলের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানিয়েছেন, ‘মাইকেল ২’ সিনেমার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।