কিংবদন্তি মার্কিন গায়ক ও অভিনেতা ক্রিস ক্রিস্টোফারসন মারা গেছেন। গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে মারা যান তিনি। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এমনটি জানিয়েছে খ্যাতিমান এই গায়কের পরিবার। তার বয়স হয়েছিল ৮৮। তবে ক্রিস ক্রিস্টোফারসনের মৃত্যুর কারণ জানানো হয়নি।
গান গাওয়ার পাশাপাশি গীতিকার হিসেবেও তুমুল জনপ্রিয় ছিলেন ক্রিস্টোফারসন। ‘সানডে মর্নিং কামিং ডাউন’, ‘মি অ্যান্ড ববি ম্যাকগি’সহ আরও অনেক জনপ্রিয় গান লিখেছেন গ্র্যামিজয়ী এই শিল্পী।
দীর্ঘদিন ধরে একক শিল্পী হিসেবে পারফর্ম করছিলেন তিনি। তবে আশির দশকের মাঝামাঝি জনি ক্যাশ, ওয়েলন জেনিং ও উইলি নেলসনের সঙ্গে গানের দল ‘দ্য হাইওয়েমেন’-এর সঙ্গে পারফর্ম করেছেন এই গায়ক।
অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন ক্রিস্টোফারসন। তার অভিনীত আলোচিত সিনেমা ‘আ স্টার ইজ বর্ন’। ১৯৭৬ সালে এ সিনেমাটিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারও জেতেন এই অভিনেতা।
১৯৭০ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘ক্রিস্টোফারসন’। এর পর থেকে নিয়মিত অ্যালবাম প্রকাশ করেন তিনি। তার গাওয়া সর্বশেষ অ্যালবাম ‘দ্য সিডার ক্রিক সেশন’ প্রকাশিত হয় ২০১৬ সালে।
১৯৩৬ সালের ২২ জুন টেক্সাসে জন্ম তার। বাবা ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে। অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষে বাবার মতো তিনিও সেনাবাহিনীতে যোগ দেন। একপর্যায়ে গান লেখার জন্যই সেনাবাহিনী ছাড়েন। এই গায়ক ও অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মার্কিন শোবিজ অঙ্গনে।
জাহ্নবী