সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যেই পূজা শুরু হয়ে গেছে। সারা দেশেই হিন্দু ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে পালন করছেন তাদের সবচেয়ে ধর্মীয় উৎসব।
সাধারণ মানুষের পাশাপাশি এই উৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছেন দেশের তারকারাও। সবার সঙ্গে উৎসবের এই আনন্দ ভাগ করে নিচ্ছেন তারা। সেই তালিকায় রয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবার পূজা পালনের পরিকল্পনার কথা জানালেন এই তারকা অভিনেত্রী।
মিম জানান, ষষ্ঠী থেকে দশমী পূজার একেক দিনে একেক রকম পোশাক পরবেন তিনি। সম্প্রতি দুর্গাপূজার একটি ফটোশুটেও অংশ নিয়েছেন এই তারকা। সে ছবিগুলো পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
পূজায় সাধারণত রাজশাহীতে দাদা-নানার বাড়িতে যান মিম। সেখানেই পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে পূজার আয়োজনে অংশে নেন তিনি। রাজশাহীর বাঘার নারায়ণপুরে মিমের দাদাবাড়িতে পূজার আয়োজন হয়। ছোটবেলা থেকেই এই পূজার আয়োজন দেখে আসছেন তিনি। মায়ের অসুস্থতার কারণে এবার যাওয়া হবে না। কয়েক মাস ধরে মাকে নিয়ে ঢাকা ও দিল্লি যাওয়া–আসা করেছেন মিম। চিকিৎসার ফলোআপ করতে আবার দিল্লিতে যাবেন তিনি।
গত বছর মিম পূজায় দেশের বাইরে ছিলেন। তবে এবার দেশের বাইরেও যাচ্ছেন না তিনি। এবার ঢাকাতেই পরিবারের সঙ্গে পূজা পালন করবেন এই অভিনেত্রী।
আরো পড়ুন: আবারও একসঙ্গে বিদ্যা সিনহা মিম ও সিয়াম আহমেদ
মিম বলেন, এবার পূজাতে ঢাকায় থাকব। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ঢাকাতেই বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াব। ইচ্ছা আছে সবগুলো মন্দির দর্শন করার।
তিনি আরও বলেন, আমি আসলে এবার কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়া রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে চাচ্ছি না। তাই এবার পরিকল্পনা ঢাকাকে ঘিরেই।
মিম জানালেন, আগামী ১৭ অক্টোবর পূজার ছুটি শেষে মাকে নিয়ে ভারতে যাবেন। বসুন্ধরা আবাসিক এলাকা ও বনানীর পূজামণ্ডপসহ আরও কিছু পূজামণ্ডপে যাওয়ার পরিকল্পনা আছে তার।
তারপরও কিছুটা মন খারাপ এই অভিনেত্রীর। কারণ হিসেবে জানালেন ঢাকার পূজায় নিজেকে ‘অতিথি’ মনে হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকার। এ সম্পর্কে বলেন, ‘রাজশাহীতে আত্মীয়স্বজন সবাই আসেন। দেখা হয়। দারুণ সময় কাটে। কিন্তু এবার ঢাকাতেই থাকতে হচ্ছে। ঢাকায় নিজেকে অতিথি মনে হয়।’
এদিকে নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন মিম। শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।
কলি