ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। ক্যারিয়ারে প্রথমবার অভিনয় করেছেন ওয়েব সিরিজে। এর নাম ‘রঙিলা কিতাব’। অনম বিশ্বাস পরিচালিত নতুন এই ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হয়েছে। গত ১৪ অক্টোবর বিকেলে ওটিটি প্ল্যাটফর্মটির সামাজিক মাধ্যমে অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। আর পোস্টার প্রকাশের পাশাপাশি ঘোষণা করা হয়েছে এর মুক্তির তারিখ।
হইচই জানিয়েছে, আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রঙিলা কিতাব’। সিরিজটিতে পরীমনির সঙ্গে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, নায়কের এক হাতে পিস্তল, অন্য হাতে তিনি জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। পরীর চোখেমুখে আতঙ্ক। নায়কের বুকে আশ্রয় খুঁজছেন নায়িকা।
পরীমনি বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। তেমনই প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের প্রথম দিন থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলাম। সহশিল্পী ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
সবাই খুব সহযোগিতা করেছেন। এবার দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার পালা।’মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘রঙিলা কিতাব’।কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি।
হইচই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাকিব আর খান জানান, গত ৮ আগস্ট ‘রঙিলা কিতাব’ মুক্তি দেওয়ার কথা থাকলেও ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয়। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এই ওয়েব সিরিজটি।
কলি