বলিউড বাদশাহ শাহরুখ খান। তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। গত বছরেই ‘পাঠান’ এবং ‘জোয়ান’-এর মতো দুটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
তবে কিং খানকে যে সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে আজীবন অমর করে রাখবে সেটি হলো- ২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিটি। এতে রাজ চরিত্রটিকে এখনো কোটি কোটি তরুণ রোমান্সের চূড়ান্ত প্রতীক হিসেবে মনে করেন। গতকাল ২০ অক্টোবর সিনেমাটি মুক্তির ২৯ বছর পূর্ণ করেছে।
অথচ অবাক করার বিষয় হলো, ‘ডিডিএলজে’-এর প্রস্তাব পাওয়ার পর শাহরুখ নাকি শুরুতে ছবিতে কাজই করতে চাননি। সেটা আবার এক দুইবার নয়, মোট চারবার নাকি ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন শাহরুখ খান। ছবির পরিচালক আদিত্য চোপড়াকে চারবার ফিরিয়ে দিয়েছিলেন এই কিং অব রোমান্স তারকা। এমন এক খবর প্রকাশ করেছে স্কুপহুপ।
তারা জানায়, শাহরুখ এক ডকুমেন্টারিতে বলেছিলেন ‘আমি কখনোই রোমান্টিক কোনো চরিত্রে অভিনয় করতে চাইনি। কেননা সিনেমায় আমার অভিষেকই হয় ২৬ বছর বয়সে। আর রোমান্টিক সিনেমায় আমরা দেখি কলেজ লাইফে আপনি প্রেম করছেন। তারপর কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছেন কিংবা তাকে নিয়ে আত্মহত্যা করছেন। আমার মনে হয়েছিল রোমান্টিক নায়ক হওয়ার ক্ষেত্রে আমার বয়সটা একটু বেশি হয়ে যায়।’
শাহরুখ আরও বলেছেন, ‘ডর’ এবং ‘বাজিগর’-এর মতো নেতিবাচক চরিত্রের প্রতি বেশি আগ্রহ ছিল তার। শাহরুখ প্রত্যাখ্যান করার পর ছবিটির পরিচালক আদিত্য চোপড়া চরিত্রটির জন্য সাইফ আলি খানকে প্রস্তাব দেন। কিন্তু নিয়তি যেন সিনেমাটি শাহরুখের কপালেই রেখেছিল।
শাহরুখকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিলেন যশ চোপড়া। কিং খানকে যশ চোপড়া বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাইলে অবশ্যই তোমাকে রোমান্টিক চরিত্রে কাজ করতে হবে। যশকে আর মানা করতে পারেননি শাহরুখ। শেষ পর্যন্ত ছবিটিতে তিনি কাজ করেন, আর বাকিটা তো ইতিহাস..!
হাসান