বলিউডে স্বজনপ্রীতি নতুন কোনো বিষয় নয়। তবে পরিবার বা আত্মীয়দের দ্বারা আশীর্বাদপুষ্ট না হয়েও নিজ যোগ্যতাতে অনেকেই ভালো অবস্থান তৈরি করেছেন বলিউডে। বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি নিজেকে বহিরাগত দাবি করে পড়েছেন রোষানলে।
সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুটি ভিডিও ক্লিপকে জোড়া দিয়ে একটি ভিডিও বানানো হয়েছে; যার এক পাশে আছেন কিয়ারা এবং অন্য পাশে আছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ান। দুজনই ভিন্ন দুটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছেন।
সাক্ষাৎকারে কিয়ারা নিজেকে বহিরাগত দাবি করে বলছেন, ‘সবাই যে এত স্বজনপ্রীতি নিয়ে কথা বলেন, তার আদৌ কোনো মানে দাঁড়ায় না। এই যে আমি বহিরাগত, আমাকেও তো করণ জোহর সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ ওনার প্রতি, আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।’
ভিডিওর পরের অংশে আরেক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান বলেছেন, ‘এখন সবাই নিজেকে বহিরাগত দেখানোর চেষ্টা করেন। স্বজনপ্রীতি ট্রোলের হাত থেকে বাঁচার জন্য এখন সবাই নিজেকে বলেন বহিরাগত।’
কার্তিক এই কথাটি কিয়ারাকে উদ্দেশ করে বলেছেন কি না, তা স্পষ্ট নয়। তবে নেটিজেনদের জোড়া লাগানো ভিডিও বলিপাড়া ও নেটদুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
কিয়ারা নিজেকে বহিরাগত দাবি করায় অনেকেই রীতিমতো চটেছেন। এই অভিনেত্রীকে একজন তারকা সন্তান বলে অভিহিত করে এক ব্যক্তি লিখেছেন, ‘কিয়ারার আসল নাম আলিয়া। সালমান খান এই নাম দিয়েছিলেন। ভারতের অন্যতম ধনী ব্যক্তি শাহিদ জাফরির খুড়তুতো নাতনি হলেন কিয়ারা। মুকেশ আম্বানির মেয়ের বন্ধুও তিনি। অন্যদিকে জুহি চাওলা কিয়ারার পারিবারিক বন্ধু, অশোক কুমারের সৎ নাতনি হলেন কিয়ারা। এত কিছুর পরও কী করে কিয়ারা বহিরাগত হন?’
তবে কিয়ারা এসব নিয়ে আর কোনো মন্তব্য করেননি। এই অভিনেত্রী বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন।
হাসান