বলিউডের অন্যতম আইকনিক তারকা মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকের তারকা এই অভিনেত্রী সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় কাজ করে প্রশংসায় ভাসছেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৯ সালে ক্যালিফোর্নিয়ার কার্ডিওভাসকুলার সার্জন চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন তিনি। বিয়ের পর তিনি কলোরাডোতে চলে যান এবং সংসারে মনোনিবেশ করেন। এরপর বলিউডের কাজ কমিয়ে দেন তিনি।
দুই সন্তানের মা হওয়ার পর ২০১১ সালে আবারও ভারতে ফিরে আসেন এই বলিউড কুইন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি নাকি যুক্তরাষ্ট্রে বসবাসের সময় হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন, ‘হলিউড থেকে যখন আমি এক-দুটা সুযোগ পেয়েছিলাম তখন আমি গর্ভবতী ছিলাম। সেই সময়ে আমি আসলে কাজ করতে চাইনি। তাই তখন না বলেছিলাম’।
ঐশ্বরিয়া রাই, ইরফান খান, অনিল কাপুরের মতো তার বলিউডের অনেক সহকর্মীই তখন হলিউডে কাজের পথ খুঁজছিলেন। কিন্তু এ বিষয়ে মাধুরীর চিন্তা ছিল আলাদা। তিনি কখনোই সক্রিয়ভাবে হলিউডে কাজ করতে চাননি।
নিউজ ১৮-কে এই অভিনেত্রী আরও বলেন, ‘সেখানে আমি পারিবার নিয়ে ব্যস্ত ছিলাম, এটিও আমার অন্যতম একটি স্বপ্ন ছিল। আর হলিউডে ছবি করার বিষয়ে আমি খুব একটা ভাবিনি। এখানে যা করছি তাতেই আমি সন্তুষ্ট। আর সারা বিশ্বে ভারতীয় সিনেমা এমনিতেই দেখা হয়’।
হাসান