তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকারকে নিয়ে নির্মিত হলো নতুন নাটক ‘ফিরে এসো অনিন্দিতা’। নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। এতে অভিনয় করেছেন শেখ স্বপ্না, রাজু আহসান প্রমুখ।
গল্পে দেখা যাবে- বখাটে ছেলে আবীর। এলাকায় যাবতীয় অপকর্ম সংঘটিত হয় তার মাধ্যমে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে অনিন্দিতা। কাকতালীয় এক ঘটনায় আবীর মুখোমুখি হয় অনিন্দিতার।
এর কয়েক দিন পর আবীরের লোকজন অনিন্দিতার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে আসে। সেখান থেকে অনিন্দিতার সম্পর্কে অনেক কিছু জেনে যায় আবীর। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।
নাটক প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, ‘গল্পনির্ভর কাজ করতে আমি বরাবরই পছন্দ করি। ইশতিয়াক ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ওনার গল্প বলার ধরনটা ভালো লেগেছে। গল্প, নির্মাণ সবকিছু মিলিয়ে দর্শকদের ভালো লাগবে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকের গল্প ও নির্মাণ ভালো হয়েছে। উনি যে কাজটা মনোযোগ দিয়ে করেছেন, সেটা নাটকটি দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমার এই কাজটি দর্শকদের ভালো লাগবে।’
লুৎফর হাসানের প্রযোজনায় নাটকটি শিগগিরই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
হাসান