ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। হঠাৎ করেই গত বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে আসেন তিনি। আর লাইভে এসেই এক যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তিশা। এক যুবক নাকি শুটিংয়ে সাংবাদিক পরিচয়ে এসে লুকিয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ করেছেন। আর সেই ভিডিও ‘কাউসারস কিংডম’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে।
লাইভে আসার আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান এই অভিনেত্রী।
লাইভে এসে তিশা বলেন, ‘কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে তিনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কি না, আমার সন্দেহ হয়। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।’
এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিশা আরও বলেন, ‘কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক না। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত।’
অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, এসব কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?’
সবশেষে সেই যুবকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলে তাকে শুটিং স্পট ও যেকোনো অনুষ্ঠান থেকে বয়কট করার দাবি জানান তাসনুভা তিশা।
এই অভিনত্রেীর এমন অভিযোগে সাংবাদিকসহ অনেক তারকা তার পাশে দাঁড়িয়েছেন।
হাসান