ভারতীয় দক্ষিণী সিনেমার সুপারস্টার তারকা ধানুশ ও নয়নতারা। দুজনেই একসঙ্গে উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। তবে বর্তমানে তাদের সম্পর্ক যেন দা-কুমড়ার মত। তিন সেকেন্ডের একটি সিনেমার ফুটেজকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। আর এই ক্ষোভের বহি:প্রকাশ শেষ পর্যন্ত গড়ালো আদালতে। নয়নতারার বিরুদ্ধে মামলা করলেন ধানুশ।
মামলার এজহারে বলা হয়, নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’-এ ধানুশের অনুমতি ছাড়াই তার প্রযোজিত ‘নানুম রাউডি ধান’-এর তিন সেকেন্ডের ফুটেজ ব্যবহার করা হয়েছে।
এর আগে ধানুশের আইনজীবী পি এস রামান মাদ্রাজ হাইকোর্টে মামলার অনুমতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে নয়নতারা এবং নেটফ্লিক্সের পক্ষে আইনজীবী সত্যীশ পরাশরণ এবং আর পার্থসারথি এই আবেদনকে চ্যালেঞ্জ জানান। তবে শুনানি শেষে বিচারক ধানুশের আবেদনে সস্মতি দেন।
মামলায় নয়নতারা ছাড়াও আসামি করা হয়েছে তার স্বামী পরিচালক ভিগ্নেশ শিবানকেও।
বেশকিছুদিন যাবৎ নয়নতারা ও ধানুশের মধ্যে উত্তেজনা চলছে। নয়নতারার অভিযোগ তার ডকুমেন্টারিতে ব্যবহারের জন্য ফুটেজের ক্ষেত্রে একাধিক প্রযোজক, পরিচালক বা অভিনেতাদের এনওসি পেলেও বেঁকে বসেছেন ধানুশ। নয়নতারা অভিনীত ভিগ্নেশ শিবান পরিচালিত ‘নানুম রাউডি ধান’ ছবির প্রযোজক। তথ্যচিত্রে সেই ছবির ভিডিও, গান বা ফুটেজ ব্যবহারের জন্য অনুমতি চাইলে তা দিতে রাজি হননি ধানুশ। এরপর সেই ছবির ‘বিহাইন্ড দ্য সিনস’ থেকে ৩ সেকেন্ডের ফুটেজ ব্যবহার করা হলে ভিগ্নেশ-নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠান ধানুশ।
ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়ে অভিনেত্রী অভিযোগ করেন, প্রতিহিংসাপরায়ণ হয়েই এমনটি করেছেন ধানুশ।
ইনস্টাগ্রামের এক পোস্টে ধানুশের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে নয়নতারা লিখেছেন, ‘যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, তার অর্ধেকও আপনার মধ্যে নেই। যা বলেন, তা নিজে অনুশীলন করেন না।’
হাসান