হালের প্রিয়মুখ তানজিম সাইরা তটিনী। খুব বেশি দিন হয়নি শোবিজে তার পথচলা। মিষ্টি হাসির এই অভিনেত্রী জয় করেছেন দর্শকের মন। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন নাটক নিয়েই ব্যস্ত। তার নাটক মানেই দর্শকের বাড়তি আগ্রহ। তাই প্রযোজক ও পরিচালক তার ওপর ভরসা করেন। এই অভিনেত্রী এখন বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন।
এই অভিনেত্রী সহশিল্পীদের নিয়ে মোটেও চিন্তিত থাকেন না। এ বিষয়ে তটিনী গণমাধ্যমকে বলেন, ‘বরাবরই আমি সবার সঙ্গেই কাজ করি। আমার কারও প্রতি কোনো খারাপ লাগা নেই। এটা আসলে আর্টিস্টদের ওপর নির্ভর করে না। নির্মাতারা নির্ধারণ করেন তাদের গল্পে জুটি হিসেবে কাকে মানাবে। আমার কাজ নির্মাতার চাহিদা অনুযায়ী গল্পকে ফুটিয়ে তোলা।’
তটিনীকে সব সময় রোমান্টিক ফিকশনে দেখা যায়। এর অবশ্য কারণ আছে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বললেন, ‘অভিনয়শিল্পী হিসেবে বিভিন্ন গল্প, চরিত্রই আমাদের কাম্য থাকে। তবে আমি শুরু থেকেই রোমান্টিক ঘরানার গল্পে কাজ করেছি। তাই হয়তো নির্মাতা মনে করেন আমাকে এ ধরনের গল্পেই মানাবে। কিন্তু তার মানে এই নয় যে আমি ভিন্ন রকম গল্পে কাজ করিনি।’
কার কাজ অনুপ্রাণিত করে তটিনীকে? এমন প্রশ্নে তিনি মৃদু হেসে বলেন, ‘একেকজনের একেক বিষয় ভালো লাগে। সবার কাছ থেকেই শেখার চেষ্টা করি। অপি করিমের অভিনয়, সংলাপ বলা এত স্নিগ্ধ, আমার খুবই ভালো লাগে। মানুষ বলে, এই প্রজন্মের মানুষের মধ্যে স্নিগ্ধতা অনেক কম। আমিও তা-ই বলি। প্রিয়দের তালিকায় আফসানা মিমি, অপি করিম আপার নাম প্রথম দিকে থাকবে।’
ক্যারিয়ারে ইউটার্ন প্রসঙ্গে তিনি বলেন, “‘সুহাসিনী’ নাটকের জন্য সাধারণ মানুষ আমাকে চিনতে শুরু করেছেন। নাটকটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান স্যারকে ধন্যবাদ জানাই। কাজটি আমার কাছে বিশেষ। অনেক শিল্পীই তার কাজ করার স্বপ্ন দেখেন।”
বছরের শেষে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় তটিনী ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করলেন। এই নাটকে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এই নাটকে অভিনয় প্রসঙ্গে তটিনী বলেন, ‘এতে আমি তমা চরিত্রে অভিনয় করেছি। গল্পে দেখা যাবে, তমার মা নিজের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায়। বিপত্নীক ছেলের দুই সন্তান আছে। এটা জানতে পেরে ঘর থেকে পালিয়ে যায় তমা।’
তিনি জানান, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের জন্য নতুন একটি গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। ‘তোমার চুলে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। গতকাল শনিবার সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকটি।
হাসান