সময়ের মেধাবী ও ব্যস্ততম ফটোগ্রাফার শিথিল রহমান’কে বিয়ে করলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লিলিন মুন। গেলো নভেম্বরের শেষপ্রান্তে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার গাওয়া ‘চিঠি কেন আসেনা আর দেরী সহেনা’ গানটি কাভার করে নতুন করে সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মধ্যে আলোচনায় আসেন লিলিন মুন।
রুনা লায়লার জন্মদিন ছিলো ১৭ নভেম্বর। সেদিনই মূলত গানটি রুনা লায়লাকে উৎসর্গ করে ‘অনুপম মিউজিক’র চ্যানেলে প্রকাশ হবার কথা ছিলো। কিন্তু কয়েকদিন দেরী করেই গানটি প্রকাশ হয়। এই গানটির পুণঃসঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন শিথিল রহমান।
শিথিল মূলত একজন মডেল ফটোগ্রাফার। বাংলাদেশের মিডিয়া অঙ্গনের শিল্পীদের নিয়েই তার মূল কাজ। যে কারণে শিল্পীদের সঙ্গ তার সখ্য’ও দারুণ। এভাবেই পথ চলতে চলতে একদিন পরিচয় হয় লিলিনের সঙ্গে। পরিচয় থেকে পরিণয়, আর এরপর বিয়ে। যদিও বা বিয়ের ঘোষনায় এলেন তারা গতকাল। কিন্তু মূলত ২০২৩ সালের ৫ মে লিলিনের বাবার অসুস্থতার কথা বিবেচনা করে ঐ তারিখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজ, কাল করে করে অবশেষে তারা ঘোষনায় এলেন গতকাল। শিথিলের পারিবারিক নাম মোঃ তোফাজ্জচল হোসেন। অন্যদিকে লিলিন মুনের সার্টিফিকেট অনুযায়ী নাম মুনিয়া হানিফ মুন।
শিথিল’কে বিয়ে করা প্রসঙ্গে লিলিন মুন বলেন, ‘পরিচয়ের শুরু থেকেই আমার প্রতি শিথিলের ভালোলাগা, আন্তরিকতা এবং সর্বোপরি আমার প্রতি তার কেয়ারিং আমার ভীষণ ভালোলাগে। এরপর থেকে আমরা দু’জন দু’জনকে বুঝতে শিখি, জানতে শিখি। একটা সময় অনুভব করতে পারি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। তারও পরে এসে একসাথে জীবন চলার সিদ্ধান্তে অটল হই। আলহামদুলিল্লাহ, শিথিলকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই ভীষণ খুশী। আমি সুখীও বটে। সবার কাছে দোয়া চাই এই ভালো মনের মানুষটির সঙ্গে যেন বাকীটা জীবন সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি। দুনিয়ার কেউ আমাকে বুঝুক না বুঝুক, শিথিল আমাকে বুঝে-এটাই আমার আত্মার শান্তির বিষয়।’
শিথিল বলেন,‘সবচেয়ে বড় কথা হলো লিলিনকে আমার আম্মার ভীষণ পছন্দ। অবশ্যই তাকে আমি ভালোবাসি। আল্লাহর অশেষ রহমতে তার মতো একজন মানুষ আমার স্ত্রী, এটাই আমার পরম পাওয়া। ভেবেছিলাম বড় আয়োজন করে সবাইকে জানাবো। আপাতত সবার দোয়া চাই। ইনশাআল্লাহ ২০২৫ সালে বড় আনুষ্ঠিনকতার মধ্যদিয়ে বাকী কাজ সম্পন্ন হবে।’
২০১৪ সাল থেকে শিথিল একজন ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। লিলিন মূলত একজন ফোক ঘরানার শিল্পী। ২০১৬ সালে তার প্রথম একক গানের অ্যালবাম ‘সাদা মন’ প্রকাশিত হয়। বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘বনবাসে রূপবান’এর শীর্ষ সঙ্গীত ‘আমি রূপবান’ লিলিনের কন্ঠের।
হাসান