ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু ২১ বছর আগে একটি গান সুর করেছিলেন। সেই গানটি এবার প্রকাশিত হলো কণ্ঠশিল্পী এস আই সুমনের কণ্ঠে। গত ২৪ ডিসেম্বর শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ‘স্বপ্নে দেখা অচিনপুরে’ শিরোনামের গানটি প্রকাশিত হয়। গানটির সংগীতায়োজন করেছেন ওপার বাংলার রাজর্ষি মিত্তার। এটি এবি ভক্তদের জন্য অন্যরকম একটি চমক বলেও জানান সুমন।
তিনি বলেন, ‘এই গানটি ২০০৩ সালে বাচ্চু ভাই সুর করেন। সে সময় এটির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার ভাই। তখন আমি পুরো একটি অ্যালবাম করার পরিকল্পনা করি। এর মধ্যে আমি একটি টেলিভিশনে যোগ দিই। পরে অফিসিয়াল ব্যস্ততার কারণে আর গানগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। এতদিন পর হলেও বাচ্চু ভাইকে উৎসর্গ করে নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করতে পেরেছি এটাই আনন্দের।’
গানটি প্রকাশ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক মানাম আহমেদ, লাবু রহমান, মেজবাহসহ অনেকেই।
উল্লেখ্য, এস আই সুমন একাধারে একজন গিটারিস্ট, গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার। ১৭ বছর ধরে এনটিভিতে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে এটিএন হেড অব ইভেন্টের দায়িত্বে আছেন। উত্তরাধিকার সূত্রেই সুমনের সংগীতের সঙ্গে বাস। তিনি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁর নাতি। তার দাদির আপন চাচাতো বোন ওস্তাদ রবিশঙ্করের স্ত্রী আন্না পূর্ণা।
হাসান