হলিউড তারকা জেনা ওর্তেগা। এবার রুপালি পর্দায় রোবট হয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এই অভিনেত্রীকে এমন চরিত্রে দেখা যাবে খ্যাতিমান নির্মাতা তাইকা ওয়াইটিটির সিনেমায়। যিনি ‘থর: র্যাগনারক’, ‘জোজো র্যাবিট’-এর মতো ব্লকবাস্টার ও কমেডি ঘরানার সিনেমার নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
কাজুও ইশিগুরোর ২০২১ সালের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তিনি নির্মাণ করেছেন ‘ক্লারা অ্যান্ড দ্য সান’। সম্প্রতি বিনোদন সাময়িকী ‘ভ্যানিটি ফেয়ার’ এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছে। সিনেমার মূল চরিত্র ‘ক্লারা’। এটি মূলত একটি সৌরশক্তিচালিত রোবট। এই ক্লারা চরিত্রেই দেখা যাবে জেনা ওর্তেগাকে।
সিনেমার গল্পে দেখা যাবে, এক মা তার অসুস্থ মেয়ের একাকিত্ব দূর করতে সঙ্গী হিসেবে এই রোবটটিকে কিনে নেন। মানুষের আচরণ, ভালোবাসা, একাকিত্ব ও বিশ্বাসকে একটি কৃত্রিম সত্তা বা রোবট কীভাবে দেখছে, তা নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।
নির্মাতা তাইকা ওয়াইটিটি জানান, শুরুতে তিনি ভেবেছিলেন এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সহজ সিনেমা হবে এবং তিনি এটিকে তার চেনা ‘কমেডি’ স্টাইলে বানাতে চেয়েছিলেন।
এ সম্পর্কে তিনি বলেন, “শুরুতে লেখার সময় ভেবেছিলাম এটাকে একটা সাধারণ ‘তাইকা ফিল্ম’ বানাই আর ফালতু রোবট রসিকতায় ভরিয়ে দিই। কিন্তু লিখতে গিয়ে বুঝলাম, এতে চমৎকার বইটির মূল আবেদন নষ্ট হয়ে যাচ্ছে। তাই নিজের চেনা ধারা থেকে বের হয়ে এটিকে একটি সিরিয়াস ড্রামা হিসেবে তৈরি করেছি। এটিই সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে নাটকীয় ছবি।”
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কীভাবে মানুষের সম্পর্কের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তা-ই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আগামী ২৩ অক্টোবর সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হতে পারে।