ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেবের দ্বিতীয় বিয়ে নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তিনি সম্প্রতি নতুন জীবনে পা রেখেছেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
খবরে বলা হয়, নববধূ দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা এবং অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আগামী ২৪ জুন আগরতলার একটি অভিজাত হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে বিপ্লব দেব ও তার স্ত্রী নীতি দেবের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। দীর্ঘ দাম্পত্য জীবনের অবসানের পর তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত ছিলেন। বিপ্লব দেব ও নীতি দেবের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর মহকুমার রাজধরনগর গ্রামে জন্ম নেওয়া বিপ্লব দেব ছাত্রজীবন শেষে দীর্ঘ সময় দিল্লিতে কাটিয়েছেন। পরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০১৬ সালে তিনি ত্রিপুরা বিজেপির সভাপতি হন এবং তার নেতৃত্বেই ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। এরপর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর তিনি রাজ্যসভার সদস্য হন। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে তিনি বিজেপির বিভিন্ন সাংগঠনিক ও জাতীয় পর্যায়ের কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।
দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত বিপ্লব দেব বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে ত্রিপুরাবাসী। সূত্র: হিন্দুস্তান টাইমস