নন্দিত অভিনেতা মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘বিলডাকিনী’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। আগামী ২৪ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এ উপলক্ষে ছবির প্রথম পোস্টার উন্মোচন করলেন মোশাররফ করিম নিজেই। নুরুদ্দিন জাহাঙ্গীরের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। গত শুক্রবার চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করার পাশাপাশি পোস্টার উন্মোচন করা হয়। নির্মাতা ও কলাকুশলীরা চলচ্চিত্রটি চিত্রায়িত শুটিং স্পটে এর পোস্টার উন্মোচন করেন।
পোস্টারে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রকে। এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের বড়পর্দায় অভিষেক হয়েছিল পার্নো মিত্রের।
পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে ছবিটির মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রের নির্মাতা ফজলুল কবীর তুহিন, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদ, প্রযোজক মমিন খান প্রমুখ।
এ সময় মোশাররফ করিম বলেন, ‘ছবিটি আমার প্রিয়। তার প্রধান কারণ হচ্ছে- এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক। আমাকে আপনারা পছন্দ করেন বলেই মনে করি। এই সিনেমাটা আপনারা দেখবেন সে প্রত্যাশা করি। একটাই কারণে, আর সেটা হচ্ছে- এটা আমাদের গল্প আমাদের সিনেমা।’
বিলডাকিনীতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হানুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনী চলচ্চিত্রের কাহিনি।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনী’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন।
হাসান