সুবিধাবঞ্চিত প্রাণীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে অনেক দিন ধরে। এর আগেও পশু-পাখিদের জন্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে কনসার্ট।এবার ‘পেট কার্নিভাল’ শিরোনামে আগামী ১৭ জানুয়ারি একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আর এই কনসার্টে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও তাহসান খান। আয়োজকদের পক্ষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
আয়োজকদের একজন নাহিদ হাসান তামিম বলেন, ‘প্রথমে শুধু পেট লাভারদের নিয়ে একটি আয়োজনটি করতে চেয়েছিলাম। এরপর সবাই সিদ্ধান্ত নিই, তাহলে গানও থাকুক। এরপর ব্যান্ড শিরোনামহীন ও তাহসানকে আয়োজনে প্রধান আকর্ষণ নির্ধারণ করা হয়। সঙ্গে আরও একটি ব্যান্ড থাকবে। যার নাম ব্যান্ডউইথ। আমাদের এ আয়োজন থেকে অর্জিত অর্থের একটি অংশ খরচ হবে সুবিধাবঞ্চিত প্রাণীদের জন্য। যাদের আমরা চিকিৎসার পাশাপাশি নানা রকম সহযোগিতা করব। তাই গান ও প্রাণীপ্রিয়দের আমাদের এ আয়োজনে অংশ নেওয়ার জন্য অনুরোধ রইল।’
এই আয়োজন করছে এরয়েস ও আরএন ব্যান্ড। এমন একটি আয়োজন সম্পর্কে শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘দেশ-বিদেশে অসংখ্য কনসার্ট করেছি। তবে প্রাণীদের জন্য গান পরিবেশন করতে সব সময় আনন্দ পাই। সেই জায়গা থেকে আমরা ব্যান্ড শিরোনামহীনসহ আরও শিল্পীরা ১৭ জানুয়ারি রাজধানীর ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর-২-তে আসছি। আপনারাও আসেন প্রাণীদের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য, পাশাপাশি গানও শুনতে পারবেন।’
এ আয়োজনে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জেনারেল ৬০০ ও ভিআইপি ১ হাজার ২০০ টাকা।
হাসান