একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান একসঙ্গে বহু নাটকে ও বিজ্ঞাপনে কাজ করেছেন। নাটকের পাশাপাশি একসঙ্গে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন এই খ্যাতিমান অভিনয়শিল্পী। আবারও তারা নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন। তাদের সঙ্গে প্রথমবার একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করার সুযোগ পেলেন দুই তারকা শখ ও ইমন।
চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিকের গল্প ভাবনায় একটি প্রতিষ্ঠানের ‘ফ্রোজেন ফিশ’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে আবুল হায়াত, দিলারা জামান, ইমন ও শখকে। গত ৩০ জানুয়ারি ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন’ (বিএফডিসি)-এর একটি ফ্লোরে সেট ফেলে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন সায়মন তারিক। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইবাদ আলীম। বিজ্ঞাপনটিতে ইমনের বাবা-মায়ের ভূমিকায় মডেল হয়েছেন আবুল হায়াত ও দিলারা জামান। ইমনের স্ত্রীর ভূমিকায় আছেন শখ।
এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘বেশ গোছানো একটি ইউনিটে কাজ করেছি। সবমিলিয়ে আমার কাছে কাজটি ভালো লেগেছে। আশা করছি, সম্পাদনা শেষে আরও পরিচ্ছন্ন হবে। ইমন ও শখ বেশ প্রাণবন্ত ছিল।’
দিলারা জামান বলেন, ‘এক জীবনে তো অনেক বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করেছি। গল্পনির্ভর বিজ্ঞাপন এটি। গল্পনির্ভর বিজ্ঞাপনে কাজ করতে একটু বেশি ভালোলাগে। ধন্যবাদ বিজ্ঞাপনের নির্মাতা সায়মন তারিককে।’
চিত্রনায়ক ইমন বলেন, ‘সায়মন ভাইয়ের পরিচালনায় এই বিজ্ঞাপনটি সত্যিই ভালো হয়েছে। সত্যি বলতে কী- সিনিয়র শিল্পীদের কাছ থেকে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে। তারা এই বয়সেও যে ডেডিকেটেড, তাতে মুগ্ধ হই। ধন্যবাদ সাইমন তারিক ভাইকে একটি চমৎকার পারিবারিক গল্পের বিজ্ঞাপন নির্মাণ করার জন্য। আশা করি, এটি দর্শকদের ভালো লাগবে।’
শখ বলেন, ‘কিছুদিন আগেও আমি শ্রদ্ধেয় হায়াত আঙ্কেল, দিলারা আন্টির সঙ্গে একটি হেলথ কেয়ারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। নতুন আরও একটি কাজ করা হলো তাদের সঙ্গে। বেশ গোছানো, পরিপাটি একটি ইউনিটের সঙ্গে ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করলাম। খুব আশাবাদী নতুন এই কাজটি নিয়ে।’
নির্মাতা সাইমন তারিক জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে আবুল হায়াত অভিনীত বদিউল আলম খোকন পরিচালিত ‘দায়মুক্তি’ সিনেমাটি আগামী শুক্রবার মুক্তি পাবে।
হাসান