বাংলাদেশের স্বাধীনতার পরে যে ক’জন সুরকার আধুনিক বাংলা গানের সুরের জগতে নতুন ধারা তৈরি করেছেন শেখ সাদী খান তাদের মধ্যে অন্যতম। আজ ৭৫ বছরে পা রেখেছেন সুরস্রষ্টা জীবন্ত এ কিংবদন্তি । এবারের জন্মদিন একান্ত ঘরোয়াভাবে উদযাপন করবেন তিনি।
এবারের জন্মদিন প্রসঙ্গে শেখ সাদী খান কথা বলেছেন সংবাদপত্রের সাথে। তিনি বলেন, ‘আজ ৭৫ বছরে পা দিয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে জীবনের এই বিশেষ দিনটি কাটাবো। আগে বাইরে জন্মদিন উদযাপন হতো। বিভিন্ন চ্যানেলে থাকতো আয়োজন। এগুলো না করার জন্য নিষেধ করেছি। মানুষ যেন দোয়া করে এটাই চাই। এখনো অনেক স্বপ্নপূরণ বাকি, কিছু ভালো ভালো কাজ করার বাকি আছে।’
বিশেষ এই দিন নিয়ে জীবন্ত কিংবদন্তি তার উপলব্ধি জানাতে গিয়ে বলেন, ‘জন্মদিন মানে জীবন থেকে একটি বছর খসে যাওয়া। আমরা সামনের দিকে যাচ্ছি,মানে জীবন থেকে একটি বছর কমে যাচ্ছে। এটি মাঝে মাঝে মাথায় জেঁকে বসে। জীবন তো চলে যাচ্ছে। ক্রমেই কাছে আসছে নির্দিষ্ট গন্তেব্যে যাওয়ার জন্য। যতদিন বেঁচে থাকি, ততটুকু সময় ভালো কিছু করতে চাই। সেটিই প্রাপ্তি । নিজের অভিজ্ঞতাকে আরও কাজে লাগাতে চাই।’
উল্লেখ্য, এখন পর্যন্ত ১০৫টিরও বেশি সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। শ্রোতানন্দিত ‘কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত’সহ ৮০০০ হাজারেরও বেশি গানের সুর করেছেন এই সুরস্রষ্টা। এছাড়া তিনি ‘ঘানি’ ও ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায়না’ সিনেমার সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ২০১৮ সালে তিনি লাভ করেন একুশে পদক।
/রিয়াজ