কবি, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাজু আলীমের জন্মদিন আজ। তিনি শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাবা ডা. আব্দুল আজিজ এবং মা ইকবালুন নেসার ঘরে জন্ম নেওয়া রাজু আলীম ছিলেন সবার বড়। তিনি পড়াশোনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে।
মেধাবী এই তরুণ তার কর্মজীবন শুরু করেন সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেনের হাত ধরে। পরবর্তীকালে সম্পাদকীয় সহকারী হিসেবে কাজ করেন দৈনিক ইত্তেফাকে। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। চ্যানেল আইতে তিনি নির্মাণ করেছেন কয়েক হাজার টিভি অনুষ্ঠান, টকশো, তথ্যচিত্র, সরাসরি সম্প্রচার অনুষ্ঠান।
তার প্রকাশিত গ্রন্থ সবার উপরে শরীর সত্য, দুরন্ত পাখির ঘ্রাণ, অফিস স্পাউস, সুন্দরীতমা, আহ! প্রজাপতি, ভালোবাসার নীল ময়ূরী, মুক্তিযুদ্ধ ও ভালোবাসার চিত্রনাট্য, নির্বাচিত দুঃখ-কষ্ট, রাজু আলীমের ১০টি টিভি নাটক। তার প্রকাশিত বই- একশ প্রেম, চাঁদের সঙ্গে প্রেম।
রাজু আলীমের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম-এর সিনেমা ‘ভালোবাসার রাজকন্যা’ দর্শক নন্দিত হয়েছে। তার নতুন চলচ্চিত্র ‘ভালোবাসার প্রজাপতি’। তার টিভি নাটক রচনা, নাট্যরূপ ও টেলিফিল্ম নির্দেশনার মধ্যে- সুন্দরীতমা, সে এক রহস্যময়ী, কদমফুল মেয়ে, মন তার শঙ্খিনী, বৃষ্টির ফুল, কীর্তিনাশা পরী, বিশেষ মানুষ, প্রজাপতির সুখ-দুঃখ, রুপার জন্য ভালোবাসা, একজন দুর্বল মানুষ, রোদ-বৃষ্টির কবিতা, নিষিদ্ধ লোবান, এক চিমটি ভালোবাসা, নির্বাসিতা, ভালোবাসার ঘ্রাণ, নিউজম্যান, ডেক্সট্রো কার্ডিয়া ও মাছরাঙা মেয়ে উল্লেখযোগ্য।
কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, বাচসাস প্রডিওসার অব দ্য ইয়ার পুরস্কার, সিজেএফবি ক্রিটিক অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ কালচারাল রিপোর্টার্সসহ উল্লেখযোগ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন।
বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইউএসএ (বাংলাদেশ চাপ্টার)-এর ভাইস-প্রেসিডেন্ট। শরীয়তপুর সাংবাদিক সমিতি ও বাচসাসের সাবেক প্রেসিডেন্ট ছিলেন তিনি। গ্লোবাল চেম্বার বাংলাদেশ-এর প্রেসিডেন্ট, গ্লোবালব্র্যান্ডস ও টেলিপ্রেসের সিইও এবং ওয়ার্ল্ডস ট্র্যাভেলার্স ক্লাবের নির্বাচিত পরিচালক।
/শাকিল