‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’- স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদলের ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে গতকাল ৭ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে স্বপ্নদল মঞ্চস্থ করেছে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
‘চিত্রাঙ্গদা’ প্রদর্শনীর আগে নাট্যজন রুমা মোদককে স্বপ্নদলের ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন চায়নার রবীন্দ্র বিশেষজ্ঞ ও চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলির অনুবাদক প্রফেসর দং ইউ ছেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাট্যগবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা নাট্যজন বাবুল বিশ্বাস, শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন প্রমুখ।
বিশ্বের সব নারীকে সম্মান জানিয়ে ২০১২ থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। দিবসটিতে এ পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয়েছে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরী, আছমা আক্তার লিজা, জয়িতা মহলানবীশ, হৃদি হক এবং স্বপ্নদলের নিয়মিত নারী নাট্যকর্মীসহ সব নিয়মিত নাট্যকর্মীর মাতাদের। আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ হলেও হল বরাদ্দের কারণে এ বছর একদিন আগে দিবসটি পালন করছে স্বপ্নদল।
প্রসঙ্গত, রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরপে এবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে।
‘চিত্রাঙ্গদা’ প্রযোজনায় অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, ঊষা, নিসর্গ, আলী, বিপুল, হাসান, সুকুমার, বিমল, রেহান, অনিন্দ্য, নিশক প্রমুখ। প্রযোজনাটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন।
/শাকিল