দক্ষিণী সুপারস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’। এই ছবিটিও প্যান ইন্ডিয়া আকারে গোটা দেশজুড়ে মুক্তি দেওয়া হবে যেখানে সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এবার জানা গেল, এই ছবিতে অভিনয় করতে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি। এমন কি অর্থের অঙ্ক এতটাই বড় যা তাকে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন করে তুলেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, কিয়ারার সর্বশেষ অভিনীত সিনেমাগুলোর সাম্প্রতিক সফলতার কারণেই মোটা অঙ্কের অর্থ পেয়েছেন তিনি। আসন্ন ‘টক্সিক’ সিনেমায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনদের সঙ্গে একই তালিকায় নাম তুলেছেন ‘কবির সিং’খ্যাত এ অভিনেত্রী।
উল্লেখ্য, তার আগে দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’-এর জন্য ২৩ কোটি রুপি আয় করে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন। কিন্তু জানা গেছে, এসএস রাজামৌলি এবং মহেশ বাবুর সঙ্গে পরবর্তী সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া ৩০ কোটি রুপি নিচ্ছেন।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিটি কন্নড় এবং ইংরেজিতে একই সঙ্গে শুটিং করা হচ্ছে বলে জানা গেছে। ছবিতে ড্যারেল ডি’সিলভা এবং অক্ষয় ওবেরয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
প্রসঙ্গত, সর্বশেষ কিয়ারাকে রাম চরণের বিপরীতে ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এস শঙ্কর পরিচালিত এ রাজনৈতিক সিনেমায় আরও অভিনয়ে ছিলেন অঞ্জলি, এসজে সূর্য, শ্রীকান্ত, সুনীল এবং জয়রাম। শিগগিরই মুক্তির অপেক্ষায় থাকা হৃত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর সঙ্গে ‘ওয়ার ২’ সিনেমাতেও দেখা যাবে কিয়ারাকে।
/শাকিল