বলিউড তারকা বিদ্যা বালান ক্যারিয়ারে তার বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। ২০০৫ সালে প্রথম ছবি ‘পরিণীতা’ থেকে শুরু করে ‘ভুল ভুলাইয়া’ (২০০৭), ‘দ্য ডার্টি পিকচার’-সহ (২০১১) এ তারকা তার প্রতিটি ছবিতেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন।
যদিও তার প্রতিটি চরিত্র এবং সিনেমাই দর্শকদের উপর স্থায়ী প্রভাব ফেলেছে, এরপরও একটি ছবিতে তার অভিনয়কে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়। ছবিটির নাম ‘কাহানি’ (২০১২)। এক দশকের বেশি সময় পার হলেও এখনও সুজয় ঘোষ পরিচালিত এ সিনেমাটি দর্শকহৃদয়ে জায়গা করে আছে। সিনেমাটি নিয়ে নতুন করে সুখবর, বড় পর্দায় আসতে চলেছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।
এর আগে এই ছবি নিয়ে বিদ্যা জানিয়েছিলেন, নির্মাতা সুজয় ঘোষ বিদ্যাকে কিভাবে হুমকি দিয়েছিলেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারের সময় বিদ্যা বালানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজিটি তৃতীয় কিস্তির মাধ্যমে আরও বড় করার সুযোগ আছে কিনা। জবাবে বাঙালি এই অভিনেত্রী বলেছিলেন, ‘সুজয় আমাকে বারবার হুমকি দিচ্ছেন যে তিনি ‘কাহানি ৩’ লিখবেন (হাসি), কিন্তু তিনি এটি লেখেননি। আমিও অপেক্ষা করছি! অবশ্যই, আমরা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে এগিয়ে যেতে চাই। তবে প্রথমে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক গল্পটি খুঁজে বের করা।’
কাহানি সিনেমায় বিদ্যা একজন গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পে তার স্বামী নিখোঁজ হয়ে যায় এবং তাকে খুঁজে পেতে, দুর্গা পূজার সময় তিনি কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েন। ছবিটির ক্লাইম্যাক্স সবচেয়ে দর্শকপ্রিয় এবং অপ্রত্যাশিত যা দর্শকদের হতবাক করে দিয়েছিল।
চার বছর পর ‘কাহানি ২: দুর্গা রফি সিং’ বড় পর্দায় মুক্তির পর এবার এটির তৃতীয় কিস্তি নিয়ে মিললো সুখবর। গুঞ্জন রয়েছে, ‘কাহানি’-তে অভিনয় করা পরমব্রত চ্যাটার্জি, নওয়াজউদ্দিন সিদ্দিকী, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং শাশ্বত চ্যাটার্জিকে তৃতীয় কিস্তিতেও একসঙ্গে দেখা যাবে।
/শাকিল