অবশেষে সংশোধিত ‘বরবাদ’ আসছে এবারের ঈদে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় প্রিভিউ করে এ সিনেমার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। একটি সূত্র জানায়, ২ ঘণ্টা ১৯ মিনিট ১০ সেকেন্ড ব্যাপ্তি থেকে ১২ মিনিট কর্তনের করে নতুন ফুটেড এবং একটি গান সংযোজনের পর সিনেমাটি ছাড়পত্র পেয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সদস্য কাজী নওশাবা আহমেদ গণমাধ্যমে বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সব সময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাই মিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
জানা গেছে, গত সোমবার ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে গতকাল পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে ‘বরবাদ। দুপুর ১২টা থেকে সিনেমাটির সংশোধিত কপি দেখেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। এরপরই এটির ছাড়পত্র দেওয়া হয়।
এদিকে ‘বরবাদ’ সিনেমার আনকাট সেন্সরশিপ দাবি করে বিভিন্ন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদী পোস্টও দিয়েছিলেন। গত রবিবার সিয়াম আহমেদ এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, “একজন অভিনেতা হিসেবে আমি জানি একেকটা সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকোনো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেওয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেওয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেওয়া! ‘বরবাদ’ আমি, আমরা সিনেমা হলে দেখতে চাই। এই ঈদে দর্শক ‘জংলি’, ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ দেখতে সিনেমা হলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবি- হয় সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনোটাই দেওয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।”
অন্যদিকে গতকাল তমা মির্জা লিখেছেন, “কী যে বলেন বুঝি না! সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ ভায়োলেন্স দেখি প্রতিদিন, এর থেকে বেশি একটা মুভিতে কী আর দেখাবে? আমরা চাই ‘বরবাদ’ সিনেমা হলে আসুক।”
প্রসঙ্গত, ঈদুল ফিতরকে সামনে রেখে পুরোদমে চলছিল শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রচার-প্রচারণা। এরই মধ্যে মোশন পোস্টার থেকে শুরু করে প্রকাশ পেয়েছে চরিত্রের লুক। এমনকি টিজার গানও মুক্তি পেয়েছে। কিন্তু হঠাৎই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, ঈদে আসছে না ‘বরবাদ’। বরং শাকিব খানের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তি পেতে পারে এবারের ঈদে।
খোঁজ নিয়ে জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে সিনেমাটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে। কিন্তু সেই নথিপ্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা। তবে এবার আর কোনো অনিশ্চয়তা নয়। সংশোধিত ‘বরবাদ’ আসছে এই ঈদেই।
মেহেদী হাসানের পরিচালনায় এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।
/শাকিল