পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের আয়োজনে বিশেষ চমক হিসেবে থাকছে খ্যাতিমান মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ-এর নাচ পরিবেশনা।
মৌ ছাড়াও এই আয়োজনে নাচবেন নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী। জনপ্রিয় নয়টি গানের কোলাজের সঙ্গে তারা জমকালো নাচ পরিবেশন করবেন বলে জানা গেছে বিটিভি সূত্রে।
‘আনন্দমেলা’ এবার উপস্থাপনা করছেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন। এই অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর বিটিভিতে উপস্থাপনায় ফিরেছেন নাবিলা। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা- এসব আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠানে এবার এককভাবে গান পরিবেশন করবেন রুনা লায়লা। তিনি শোনাবেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। এ ছাড়া ইমরান ও কণার কণ্ঠে থাকছে ডুয়েট গান। অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করবেন সালমা, ঐশী ও গামছা পলাশ। বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরও থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা।
এ ছাড়া আনন্দমেলায় কাওয়ালি পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়।
/শাকিল