সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এসব অপরাধ দমনে অনতিবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১২ জুন) রাজধানীর ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় এই দাবি জানানো হয়।
সভায় গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুঁড়িয়ে দেয়ার জন্য মহলবিশেষের অব্যাহত হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
ঐক্য পরিষদের নেতারা নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারের পাশাপাশি প্রশাসন, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সাম্প্রদায়িক উসকানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও তোলা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত সভায় সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর ভিত্তি করে দেশের প্রায় ৫০টি জেলা ও মহানগর কমিটির নেতারা আলোচনায় অংশ নেন। সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মনীন্দ্র কুমার নাথ।
সভায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে চলতি বছরের ১৮ ও ১৯ ডিসেম্বর সংগঠনের একাদশ জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও মানবাধিকার আন্দোলন আরও বেগবান করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।
জয়ন্ত সাহা/এসএন