বলিউড ইতিহাসের অন্যতম সফলতম জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। হিন্দি সিনেমার জনপ্রিয় এই ‘ওম শান্তি ওম’ সিনেমার পর থেকে যতগুলো ছবিতে কাজ করেছেন তার অধিকাংশই ভারতের বক্স অফিসে রেকর্ড করেছে। পর্দায় দু’জনের রসায়ন দেখতেও দর্শক-ভক্তদের আলাদা চাহিদা রয়েছে। সর্বশেষ ‘জাওয়ান’ এবং ‘পাঠান’-এর পর এবার ‘কিং’ ছবির মধ্য দিয়ে পর্দায় ফিরছে জনপ্রিয় এই জুটি।
এখনও প্রি-প্রোডাকশনের পর্যায়ে থাকা এ সিনেমাটি ২০২৬ সালের শেষের দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। অ্যাকশন থ্রিলার ঘরানার ‘কিং’ নির্মাণ করবেন বলিউডের বিখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা গেছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। আর দীপিকাকে পর্দায় সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখা যাবে।
এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের।
ছবিতে সুহানার মায়ের চরিত্রেই অভিনয় করবেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী।

জানা গেছে, এটি গল্পের প্রধান চরিত্র না হলেও ছবির গল্পে চরিত্রটির বড় ধরনের ভূমিকা থাকবে। সিদ্ধার্থ আর শাহরুখেরও খুব ইচ্ছে ছিল সুহানার মায়ের ভূমিকায় দীপিকা অভিনয় করুক। সবকিছু ঠিক থাকলে তেমনটাই হতে যাচ্ছে। শাহরুখকে এ সিনেমায় একজন পেশাদার খুনির চরিত্রে দেখা যাবে। যার জীবনে হঠাৎ প্রবেশ করে এক কিশোরী। এই কিশোরী চরিত্রেই থাকছেন সুহানা খান। এক নির্জীব ঘাতক আর আহত মেয়েটির সম্পর্ক ধীরে ধীরে গড়ে তোলে অদ্ভুত এক রসায়ন। যার গভীরে আছে প্রেম, মমতা আর অতীতের ক্ষত। এই চরিত্রগুলোর মাঝে দীপিকার ভূমিকাটি গল্পে বিশেষ মাত্রা যোগ করবে।
সিনেমাটি প্রথমে সুজয় ঘোষের পরিচালনা করার কথা থাকলেও পরে নির্মাতা পরিবর্তন করা হয়। ফলে নতুন দায়িত্ব নেয়া সিদ্ধার্থ সিনেমার গল্পেও পরিবর্তন আনেন। ছবিতে প্রথমে শাহরুখের অতিথি চরিত্রে অভিনয় করার কথা থাকলেও পরে তাকে কেন্দ্র করেই প্রধান চরিত্র তৈরি করা হয়েছে।
সিনেমায় খলচরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। বুদ্ধিদীপ্ত ভয়ংকর এক প্রতিপক্ষ হিসেবে বলিউড প্রত্যাবর্তন করতে যাচ্ছেন অমিতাভ পুত্র।
/শাকিল