চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর শোবিজ তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক পোস্টে ফারিয়াকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এতে তিনি লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’
এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’
নির্মাতা আশফাক নিপুণ গতকাল সোমবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে।’
অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন ফারিয়ার দুটি অপরাধের কথা উল্লেখ করে গতকাল সোমবার ফেসবুকে লেখেন, ‘একটু আগে একটা চ্যানেলের লাইভে দেখলাম নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হচ্ছে! কোনো এক অদ্ভুত কারণে মনটা খারাপ হয়ে গেল! বুঝার চেষ্টা করলামG
নুসরাত ফারিয়ার অপরাধটা কি? আপাত দৃষ্টিতে অপরাধ দুইটা-
১. মুজিব সিনেমায় অভিনয় করা!
২. জুলাই-আগস্টে শেখ হাসিনার সঙ্গে সেও হত্যা মামলার আসামি!
কি ভয়ংকর হাস্যকর!’
তিনি আরও লেখেন, ‘এখন আসি আসল কথায়। বর্তমান সরকার কোনো শিল্পীকে সরকারি কোনো কাজে ডাকল এবং পরের সরকার এসে গ্রেপ্তার করল! হইতেই পারে। তাইলে শিল্পীর কি করা উচিত! দেশের বা রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখা!’
প্রকৃত অপরাধীর বিচার চেয়ে এই অভিনেতা ও নির্মাতা লেখেন, ‘বিচার হোক প্রকৃত অপরাধীর! এমন অনেক শিল্পী আছে, যারা অনেকেই গ্রেপ্তার হয়েছে। আমার ধারণা, সাধারণ মানুষ এতে খুশি হয়েছে। কারণ এরা আসলে প্রকৃতি শিল্পী ছিল না! এরা ছিল শিল্পীর মুখোশধারী ক্ষমতালোভী! নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি! শেষমেশ, আমার ‘চক্কর’ সিনেমার একটা সংলাপ দিয়ে শেষ করি, ‘সব আলামত সত্যি হয় না। কিছু আলামত মূল কাজের ফোকাস নষ্ট কইরা দেয়।’
সবশেষে তিনি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রিয় সরকার, আপনাদের ফোকাস নষ্ট কইরেন না প্লিজ!’
/শাকিল