জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তৈরি হয়েছে একটি বিশেষ সংগীত অ্যালবাম ‘দ্য নজরুল টেপস: রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। এতে থাকছে কবির চারটি জনপ্রিয় গান। এই অ্যালবামে গান করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। তিনি গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’ গানটি। তার সঙ্গে আরও গাইবেন মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
গানগুলোয় আধুনিক বাদ্যযন্ত্র ও ইলেকট্রনিক সাউন্ড ব্যবহার করা হয়েছে, যাতে পুরোনো গানগুলোর মাধুর্য বজায় রেখে নতুন এক অনুভব তৈরি হয়।
আগামী ২৪ মে ঢাকার যাত্রা বিরতিতে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে সরাসরি গান পরিবেশন করবেন শিল্পীরা। শুধু নজরুলসংগীত নয়, থাকবে তাঁদের পছন্দের আরও কিছু গানও। টিকিটের দাম ১ হাজার টাকা ধরা হয়েছ।
অ্যালবামের সংগীত পরিচালক জাহিদ নিরব বলেন, ‘নজরুল আমাদের সংস্কৃতির গর্ব। তাঁর গান নিয়ে কাজ করা সম্মানের বিষয়। আমরা চেষ্টা করেছি গানের আসল ভাব ঠিক রেখে নতুনভাবে উপস্থাপন করতে।’
এই গানগুলো শিগগিরই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। সংগীতপ্রেমীদের জন্য নজরুলজয়ন্তীতে এটি হতে পারে দারুণ এক উপহার।
/রিয়াজ