আগামী ২৩ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মুক্তির একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। এই সিনেমার পাশাপাশি একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে মার্ভেল স্টুডিওর নতুন সিনেমা ‘থান্ডারবোল্টস’। এই সিনেমাটি নিয়েও দর্শকদের যথেষ্ট কৌতূহল লক্ষ্য করা যায়।
হলিউড সুপারস্টার টম ক্রুজের আইকনিক সিনেমা ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। এযাবৎ ফ্র্যাঞ্চাইজির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার ভক্তরা মুখিয়ে রয়েছেন সিরিজের অষ্টম ছবিটি দেখার জন্য। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশেষ প্রদর্শনী হয়েছে। যেখানে অংশ নিয়েছেন টম ক্রুজসহ ছবির কলাকুশলীরা। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। কান উৎসবে ছবিটি স্ক্রিনিংয়ের পর কানে পাঁচ মিনিট দাঁড়িয়ে করতালি দেন দর্শকরা।
এদিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স-এর পঞ্চম ধাপের শেষ চলচ্চিত্র ‘থান্ডারবোল্টস’। গত ২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ছবিটি দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। এরিক পিয়ারসন এবং জোয়ানা ক্যালোর চিত্রনাট্য থেকে ছবিটি পরিচালনা করেছেন জ্যাক শ্রিয়ার। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পু, সেবাস্তিয়ান স্ট্যান, ওয়াট রাসেল, ওলগা কুরিলেনকো, লুইস পুলম্যান, জেরাল্ডিন বিশ্বনাথন, ক্রিস বাউয়ার, ওয়েন্ডেল পিয়ার্স, ডেভিড হারবার, হান্না জন-কামেন এবং জুলিয়া লুই- ড্রেফাস।
/রিয়াজ