দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ভারতের মিঠুন চক্রবর্তী এবং হলিউড অভিনেতা টম ক্রুজের দারুণ ভক্ত তিনি। গত ১৫ জুন ছিল কিংবদন্তি মিঠুন চক্রবর্তীর জন্মদিন। তাই এবার প্রিয় অভিনেতার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করলেন এই গায়িকা। এমনকি বলিউড অভিনেতা যে তাকে চা পর্যন্ত বানিয়ে খাইয়েছিলেন সেটাও স্মরণ করেন তিনি।
গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আঁখি লেখেন, ‘ছোট বেলায় আমার খুবই পছন্দের নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী ও টম ক্রুজ। এখনো। তবে দুজনকে দুই রকমের পছন্দ। গতকাল ছিল মিঠুন চক্রবর্তীর জন্মদিন। তাই ভাবলাম ছবিগুলো শেয়ার করি।’
তিনি বলেন, ‘উনি বাংলাদেশে যখন আসেন, তখন আমি বেশ ছোট। ঢাকা ক্লাবে মিঠুনের অনারে ডিনার পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বলল। আমরা সব রেডি। আব্বুও রেডি।
কিন্তু হঠাৎ আব্বুর কোনো মুভি ডিরেক্টর বাসায় এসে বললেন, পরের দিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই এখনি স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আব্বুর কাছে অবশ্যই সেটা বেশি গুরুত্বপূর্ণ তাই আমাদের আর মিঠুন দর্শন হয়নি। তবে সেদিন কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়েছিল। গোপনে কান্নাও করেছিলাম।’
অবশ্য কয়েক বছর পর মিঠুনের সঙ্গে ঠিকই সাক্ষাতের সুযোগ হয় আঁখির। লন্ডনের এক অনুষ্ঠানে একই মঞ্চে পারফর্ম করেন তারা। সে সম্পর্কে এ গায়িকা বলেন, ‘গ্রিন রুমে গল্প শুনলাম ওনার, সবার সঙ্গে উনার সলো ছবি আমিই তুলে দিলাম, কারণ আমি সব সময় ভালো ক্যামেরা ক্যারি করতাম। আমি যে উনার কত বড় ফ্যান এবং ওনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সব মুভি, অখ্যাত বাট দুর্দান্ত গল্প এবং অভিনয়ের সব মুভি আমার দেখা, নিউ মার্কেট থেকে উনার পোস্টার কিনে ঘরে টাঙিয়ে রাখা, এসবের কিছুই সেদিন বলি নাই।’
সেদিন মিঠুন নিজ হাতে আঁখি আলমগীরকে চা বানিয়েও খাইয়েছিলেন। নিজেই জানালেন সে গল্প, ‘কুশলবিনিময় আর আব্বুকে শুভেচ্ছা জানাতে বললেন। আমি মুভি করতে আগ্রহী কি না, কেন করি না, তা জানতে চাইলেন। দায়সারা উত্তর দিয়ে কোণায় বসে ছিলাম। উনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন গ্রিন রুমে। প্রিয় অভিনেতার সঙ্গে একই স্টেজে পারফর্ম করছি, সেই আনন্দ আমাকে আপ্লুত করে রেখেছিল।
ছবিগুলো আজ সেই মুহূর্তের চেয়েও দামি মনে হচ্ছে। আসিফ ভাই, মৌসুমী আপা, মান্না ভাই, আমিসহ সেই কনসার্টে সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরীসহ আরও অনেক শিল্পী ছিলেন। দুর্দান্ত একটা শো হয়েছিল। মধুর সব স্মৃতি।’
/এমএস