ঢালিউড ইন্ডাস্ট্রিতে দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। এই সময়ে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত কয়েক বছরে তো ঈদ মানেই শাকিব খানের সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি আসবেই। ভক্তরাও তাকে ভালোবেসে কিং খান, সুপারস্টার, নবাব বিভিন্ন নামে ডেকে থাকেন।
এর মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ খেতাব ব্যবহার করতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়টি নিয়েই নিজের আপত্তির বিষয়টি জানিয়েছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে শাকিব খানকে ঘিরে প্রচলিত বিশেষ ট্যাগ নিয়ে খোলামেলা প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ওই সাক্ষাৎকারে উঠে আসে আয়ের দিক থেকে ‘উৎসব’ সিনেমা ‘তাণ্ডব’কে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি।
এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান শাকিবের নামের আগে ব্যবহার করা ‘মেগাস্টার’ শব্দটি নিয়ে জোরালোভাবে আপত্তি জানান। ঈদে শাকিবের সিনেমা মানেই ব্যবসাসফল। তবে এবার কোরবানি ঈদে শাকিবের ‘তাণ্ডব’ মাল্টিপ্লেক্সে ব্যবসা করতে পারলেও সিঙ্গেল স্ক্রিনে তেমন দর্শক টানতে পারেননি।
এ প্রসঙ্গে অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘শেক্সপিয়ারের একটা কথা আছে ‘‘কোনো কিছু হওয়া বড় ব্যাপার না। কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার।’’ আমি বলছি, এতগুলো হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো।’
সবশেষে জাহিদ হাসান বলেন, “তাণ্ডব’, ‘উৎসব’, ‘এশা মার্ডার’, ‘নীলচক্র’ বা ‘ইনসাফ’ সবগুলোই তো আমাদের সিনেমা। আমরা চাই প্রতিটা সিনেমা ভালো হোক। সিনেমা ভালো হলে প্রেক্ষাগৃহে দর্শক বাড়বে। আমি মন থেকে চাই দর্শক প্রতিটি সিনেমা দেখুক।
/এমএস