নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এই ধারাবাহিক নাটকের প্রতিটি সিজনই হয়েছে দর্শকপ্রিয়। এবার জানা গেল বিনামূল্যে এই নাটকের পঞ্চম সিজন দেখা যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক এই নাটকটি।
গত ১০ জুলাই ইউটিউবে এসেছে এর প্রথম পর্ব। এভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে বাকি পর্বগুলো। বিষয়টি জানিয়েছেন পরিচালক ও প্রযোজক কাজল আরেফিন অমি।
এ সম্পর্কে অমি বলেন, ‘ওটিটি স্ট্যান্ডার্ডে বানানো হলেও অনেক দর্শক ইউটিউবে দেখতে চেয়েছেন। তাদের জন্যই ইউটিউবে আনা হয়েছে। বুম ফিল্মসের শুধু প্রমো কনটেন্ট দিয়েই ছয় লাখ সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। দর্শকদের আগ্রহের প্রমাণ এটিই।’
এর আগে, গত মাসে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রথম আট পর্ব মুক্তি পেয়েছে। ইউটিউবের পাশাপাশি নাটকটি চ্যানেল আইতেও প্রচার হচ্ছে।
চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে ১০ জুলাই থেকে, প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে। এবারের সিজনেও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।
উল্লেখ্য, এর আগে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন। অভিযুক্ত করা হয়েছে- নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউসের বিরুদ্ধে। নোটিশ পাঠানো হয় গত মঙ্গলবার ৮ জুলাই।
/এমএস