সাদিয়া ইসলাম মৌ। মডেলিংয়ে পা রাখেন ১৯৮৯ সালে। সেই থেকে এখন পর্যন্ত দেশের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হিসেবে তিনি রাজত্ব করে যাচ্ছেন বলা যায়। এখন কাজ করেন বেশ বেছে বেছে। আগের চেয়ে এখন বেশি নিয়মিত অভিনয়ে।
নাটক, টেলিছবিতে প্রায়ই দেখা যায় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। তবে এবার প্রথমবারের মতো তিনি কাজ করেছেন ওয়েব সিরিজে। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘গহীন অতল’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ। এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব।
‘গহীন অতল’-এর গল্প মূলত কাজী আনোয়ার হোসেন রচিত ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে হলেও সময়োপযোগী করে তৈরি করা হয়েছে এর চিত্রনাট্য; যা করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। এই গল্পে আধুনিক সমাজ বাস্তবতায় একজন মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ আর সন্তানকে রক্ষার জন্য নিজের নৈতিক দ্বন্দ্ব-সবকিছু মিলিয়ে এক জটিল চরিত্রে অভিনয় করেছেন মৌ।
এই ওয়েব ছবিতে মৌয়ের সঙ্গে অভিনয় করেছেন গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।
সহ-শিল্পীদের নিয়ে মৌ বলেন, ‘সবাই খুব আন্তরিক ছিলেন। সবার সহযোগিতায় কাজটি বেশ উপভোগ করেছি। একটা ভালো টিমওয়ার্ক ছিল, যেটা স্ক্রিনে বোঝা যাবে বলে মনে করি।’
পরিচালক আকা রেজা গালিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৌ বলেন, ‘গালিব অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ- সব মিলিয়ে কাজটা খুব প্রফেশনালি হয়েছে।’
ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে মৌ বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম এখন দর্শকদের কাছে পৌঁছানোর দারুণ একটা মাধ্যম। এখানে গল্প বলার ধরন আলাদা, চরিত্রগুলোও অনেক বেশি বাস্তব আর গভীরভাবে উপস্থাপন করা হয়।’
ওয়েব ফিল্ম প্রসঙ্গে পরিচালক আকা রেজা গালিব বলেন, ‘ওয়েব ফিল্মের গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকদের সামনে উপস্থাপন করতে।’
শিগগিরই ওয়েব প্ল্যাটফর্মে ‘গহীন অতল’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ইতোমধ্যে এর দৃশ্য ধারণও প্রায় শেষ। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
/এমএস