হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ‘এডিংটন’ ছবির প্রিমিয়ারে তার নজরকাড়া উপস্থিতি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। ৫০ বছর বয়সেও নিজের তারুণ্যদীপ্ত সৌন্দর্য দিয়ে সবার দৃষ্টি কাড়েন তিনি। এবার ইনটাচ উইকলির এক প্রতিবেদনে উঠে এসেছে, এই হলিউড অভিনেত্রী নিজেকে আরও সুস্থ ও সতেজ রাখার জন্য রূপচর্চার ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, জোলি সম্প্রতি নিজের প্রতি যত্নকে আরও অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং গুরুতর লেজার চিকিৎসা করিয়েছেন।
একটি ঘনিষ্ঠ সূত্র থেকে বলা হয়েছে, ‘জোলি সব সময়ই সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষায় সচেতন ছিলেন, যা তাকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করেছে। তবে এখন তিনি তার চর্মরোগ বিশেষজ্ঞের সহায়তায় এ বিষয়ে আরও সক্রিয় হয়েছেন। গত বছর তিনি সিদ্ধান্ত নেন, চলতি দশকে জোলি নিজেকে সেরা অবস্থায় উপস্থাপন করবেন।’
সূত্রটি আরও জানায়, ত্বকের গঠন মসৃণ ও টানটান রাখতে তিনি কয়েকটি লেজার চিকিৎসা করিয়েছেন এবং ফলাফলও ইতিবাচক এসেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি বোটক্স ব্যবহার করছেন, তবে অত্যন্ত হিসাব করে তিনি এসব করেন যেন মুখের স্বাভাবিক অভিব্যক্তি অক্ষুণ্ন থাকে।
রূপচর্চার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকেও বেশ মনোযোগী এ অভিনেত্রী। সূত্রটি জানায়, অ্যাঞ্জেলিনা এখন তার খাদ্য তালিকায় প্রোটিন, ফল এবং শাকসবজির সঠিক ভারসাম্য বজায় রাখছেন। অতীতে মানসিক চাপের কারণে ক্ষুধা কমে যাওয়া এবং পুষ্টিজনিত সমস্যায় ভুগলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি আরও সচেতন হয়েছেন। ফলে আগের চেয়ে এখন তাকে অনেক বেশি সুস্থ ও সতেজ দেখাচ্ছে।
অভিনয় জীবনেও বর্তমানে অনেক সক্রিয় এ অভিনেত্রী। এই হলিউড তারকাকে সর্বশেষ পাবলো ল্যারেন পরিচালিত ‘মারিয়া’ ছবিতে দেখা গেছে। এই সিনেমায় জোলি অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের চরিত্রে অভিনয় করেন। ছবিতে আরও ছিলেন পিয়েরফ্রান্সেস্কো ফ্যাভিনো, আলবা রোহরওয়াচার, হালুক বিলগিনার, স্টিফেন অ্যাশফিল্ড, ভ্যালেরিয়া গোলিনো এবং কোডি স্মিট-ম্যাকফির মতো অভিনেতারা।
এ ছাড়া অ্যালিস উইনোকুর পরিচালিত ফরাসি সিনেমা ‘কৌচার’-এও সামনে দেখা যাবে তাকে। এটি ২০২৫ সালের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ উপস্থাপনা বিভাগে প্রিমিয়ার হবে।
/এমএস