দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান প্রায় সময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনাম হন। ব্যক্তিজীবনে দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করে এবং পরবর্তীতে দুজনের সঙ্গেই দাম্পত্য জীবনের ইতি টেনে সমালোচনার মুখে পড়েছিলেন শাকিব। তবে মাঝেমাঝেই দুই সন্তান ও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় এ অভিনেতাকে।
বর্তমানে এ অভিনেতা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তার ছেলে বীর এবং বুবলীর সঙ্গে সময় কাটানোর ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। এ নিয়ে বরাবরের মতোই অপুর প্রতিক্রিয়া জানার জন্য অনেক নেটিজেনই তাদের আগ্রহের কথা প্রকাশ করেছিলেন। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস।
গতকাল রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন অপু বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ শোবিজ অঙ্গনের অনেকে।
অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে-এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’
শাকিব খানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।’
/এমএস