জনপ্রিয় চিত্রনায়ক নিরব। নিয়মিত সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। শুটিংয়ের পাশাপাশি নতুন সিনেমার ঘোষণাও দিয়ে যাচ্ছেন এই তারকা। এবার দেশের হয়ে লড়বেন নিরব। গত মঙ্গলবার ছিল গণ-অভ্যুত্থান দিবস। এই দিনে দেশের হয়ে লড়াই করার কথা জানান নতুন সিনেমার ঘোষণার মাধ্যমে। নিরবের নতুন সিনেমার নাম ‘দেশ’।
সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। আর এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। সিনেমাটিতে তাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।
এ সম্পর্কে নিরব বলেন, ‘ছবির গল্পটা দেশ নিয়ে। তাই দেশের মানুষদের নিয়ে ছবিটির ঘোষণা দেওয়ার জন্য গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ছিল উপযুক্ত সময়। এখানে আমার চরিত্রের নামও দেশ। নিজের নাম যখন দেশ হয় তখন ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। এখন ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১৬ ডিসেম্বর ছবির আরও একটি নতুন ঘোষণা আসবে। ছবিটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
নিরব আরও বলেন, আমার হাতে এখন আরও দুটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ যেটার কাজ অলমোস্ট শেষ। এ মাসেই হয়তো শেষের অংশের শুটিং করব। কারণ, এই সিনেমার শুটিং শেষ করার আগে আমি নতুন কোনো কাজ করতে পারছি না। এখানে আমার চুল অনেক বড়। আমার মেয়েদের চেয়েও আমার চুল বড় হয়ে গেছে।
তাই ‘শিরোনাম’ সিনেমার শুটিং শেষ করেই শামছুল হুদা পরিচালিত ‘গোলাপ’ সিনেমার কাজ আগামী সেপ্টেম্বরে শুরু করব। এই সিনেমা আমি এবং পরীমনি জুটিবেঁধে অভিনয় করব। সিনেমায় একেবারেই ভিন্নভাবে আমাকে এবং পরীমনিতে দেখতে পারবে দর্শক। এরপর ‘দেশ’ এর শুটিং শুরু হবে। আমার বিশ্বাস এই বছরটা আমার সিনেমার বছর হবে।’
নিরব আরও জানান, এ বছরই কানাডা এবং লন্ডনে দুটি শোতে অংশ নেবেন।
/এমএস